Abhishek Banerjee: অভিষেকের সাময়িক স্বস্তি কলকাতা হাইকোর্টে, ইডিকে কী নির্দেশ বিচারপতির?
Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ কারণে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল। ইডি সর্বশেষ তাঁকে যে তলব করেছিল সেদিন হাজিরা দেননি অভিষেক।
এরই মধ্যে সুপ্রিম কোর্ট থেকে কোনও রক্ষাকবচ পাননি অভিষেক। এবার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। পেলেন স্বল্পকালীন রক্ষাকবচ।

নিয়োগ দুর্নীতির বেআইনি আর্থিক লেনদেনে ইডি-র তদন্তে অভিষেকের নাম উঠে আাসে। তাঁর বিরুদ্ধে যাতে কোনও পদক্ষেপ না করা হয় সেই আবেদন জানিয়ে অভিষেক মামলা করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হবে সোমবার বিকেল সাড়ে চারটেয়। ওইদিন মধ্যে ইডিকে যাবতীয় নথি জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।
সোমবার অবধি বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ইডি অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপও করতে পারবে না। অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি ও এসবি রাজুর সময়ের সুবিধায় সোমবার বিকেলে শুনানি হবে। আদালত জানতে চেয়েছে, অভিষেককে ইডি ফের জিজ্ঞাসাবাদ করবে কিনা বা গ্রেফতারের প্রয়োজনীয়তা আছে কিনা।
জবাবে ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় ইডি কবে ডাকার পরিকল্পনা করছে সেটা এখনই বলা যাচ্ছে না। গত ১৪ জুন ডাকা হয়েছিল। কিন্তু নির্বাচনের ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি আসেননি। এরপর ডাকা না হলেও ইডি-র কাছে পর্যাপ্ত নথি রয়েছে।

উল্লেখ্য, অভিষেকের নাম বলাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ। তার আগে অভিষেকও জানিয়েছিলেন, সারদা কেলেঙ্কারির সময় থেকে কুণাল ঘোষ, মদন মিত্রদের চাপ দেওয়া হয়েছে তাঁর নাম বলাতে। যদিও ইডি ও সিবিআইয়ের তরফে এই অভিযোগ খারিজ করা হয়।
কুন্তল ঘোষ চিঠি লিখেও জানিয়েছিলেন, তাঁকে চাপ দেওয়া হচ্ছে অভিষেকের নাম বলতে। এর প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার এজলাস বদল হয়।
বিচারপতি অমৃতা সিনহা বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ। সেই সঙ্গে জরিমানাও ধার্য করেন। এরপর অভিষেক সুপ্রিম কোর্টে যান। সেখানে জরিমানার নির্দেশটি খারিজ হলেও তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে বলা হয়। অভিষেক সম্প্রতি জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের পর তিনি যে কোনও দিন তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।












Click it and Unblock the Notifications