গরিব কল্যাণ রোজগার অভিযান! কেন বাংলার পরিযায়ীদের অবজ্ঞা, প্রধানমন্ত্রীর উদ্দেশে টুইট অভিষেকের
গরিব কল্যাণ রোজগার অভিযান! কেন বাংলার পরিযায়ীদের অবজ্ঞা, প্রধানমন্ত্রীর উদ্দেশে টুইট অভিষেকের
গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পে বাংলার প্রতি অবজ্ঞার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন চিনি এক টুইটে বলেছেন, রাজ্যের ১১ লক্ষ পরিযায়ীকে উপেক্ষা করা হয়েছে। কেন পশ্চিমবঙ্গকে গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্প থেকে বাদ দেওয়া হল সেই প্রশ্ন তুলেছেন অভিষেক।

কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার অভিযান
২০ জুন শনিবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযানের সূচনা করেছেন। ৫০ হাজার কোটির এই প্রকল্পে দেশের ছয় রাজ্য, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রগেশ, রাজস্থান, ওড়িশা ও ঝাড়খণ্ডের ১১৬ জেলার নাম রয়েছে। যে সব জেলায় অন্তত ২৫ হাজার পরিযায়ী রয়েছেন, সেইসব জেলার নাম এই তালিকায় রয়েছে। রাজ্যের হাতে থাকা এই প্রকল্পে বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে ফিরেছেন ১১ লক্ষ পরিযায়ী
রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে ফিরেছেন ১১ লক্ষ পরিযায়ী। যেসব জেলাগুলি কেন্দ্রের দেওয়া শর্ত পূরণ করতে পারছে তাদের মধ্যে রয়েছে, কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর। কিন্তু যদি ১১ লক্ষ পরিযায়ী পিরে থাকেন তাহলে ২৩ জেলায় জেলা পিছু পরিযায়ীর সংখ্যাটা প্রায় ৪৮ হাজারের মতো।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি অধীররঞ্জন চৌধুরীর
অধীর চৌধুরীর রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযানের সূচনা করেছেন। ৬ রাজ্যের ১১৬ টি জেলা এর অন্তর্ভুক্ত হয়েছে। এখানে পরিযায়ী শ্রমিকরা বছরে ১২৫ দিনের কাজ পাবে। সেখানে তিনি আরও বলেছেন, যে সব জেলায় পরিযায়ী শ্রমিক অন্তত ২৫ হাজার, সেইসব জেলার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বড় সংখ্যায় পরিযায়ীরা থাকলেও, রাজ্যের কোনও জেলার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় তিনি অবাক হয়েছেন। পশ্চিমবঙ্গের যেসব জেলায় পরিযায়ীর সংখ্যা বেশি সেইসব জেলাকে গরিব কল্যাণ রোজগার যোজনার অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন অধীর।
এদিন সকালে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। সেখানে তিনি প্রস্তাব দিয়ে বলেছেন, প্রকল্পের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কর্মসূচির আওতায় বাংলাকে অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

রাজ্যের মানুষের প্রতি অবজ্ঞা কেন
এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে রাজ্যের নাম প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া প্রসঙ্গে রাজ্যের প্রতি অবজ্ঞার অভিযোগ করেছেন। তাঁর প্রশ্ন, রাজ্যের নাম কেন কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্প থেকে বাদ গেল।

জেলা ভিত্তিক তালিকা দেয়নি রাজ্য
তবে এই প্রশ্ন উঠার আগে রাজ্য বিজেপি নেতৃত্ব তার জবাব দিয়ে দিয়েছে। রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু বলেছেন, কেন্দ্রের প্রতি দোষ দেওয়ার আগে রাজ্য সরকারকে নিজের দিকে তাকাতে হবে। জেলা ভিত্তিক পরিযায়ীদের তালিকা পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে পাঠায়নি। বলেছেন সায়ন্তন বসু।
যদিও কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে টানাপোড়েন নতুন কিছু নয়। এর আগে রাজ্য সরকার আয়ুষ্মাণ ভারত ও প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধির অন্তর্ভুক্ত না হওয়ায় রাজ্যের মানুষ এই দুই কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। যদিও রাজ্য সরকারের দাবি, এই দুই প্রকল্পের বিকল্প চালু রয়েছে রাজ্যে।












Click it and Unblock the Notifications