সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের
নিয়োগ দুর্নীতির সব মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছ সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসেই এই নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তিনি পদত্যাগ করছেন বলে যে জল্পনা শুরু হয়েছিল সেটা একেবারই সত্যি নয় বলে জানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন সাক্ষাৎকার যখন তিনি দিয়েছেন তখন জবাব তিনিই দেবেন।

এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দশেকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ যাত্রায় উত্তরবঙ্গে রয়েছেন তিনি। আজও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। আজ সফরে বেরিয়ে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। প্রকৃত দোষীরা এবার শাস্তি পাবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত এক বছর ধরে নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের একের পর এক নেতা মন্ত্রী সিবিআই এবং ইডি হেফাজতে রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিরক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। পর্ষদের একাধিক কর্তাও শ্রীঘরে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্তের নির্দেশ তিনিই প্রথম দিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই তাঁর হাত থেতে মামলাগুলি চলে যাওয়ায় শাসক দলে খুশির হাওয়াই থাকবে।

অন্যদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, 'এই রায় অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিচারপতি গাঙ্গুলি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়ছিলেন, আমার মনে হয় না এই লড়াই থামবে। মেরুদণ্ড সোজা রেখে লড়াইয়ের স্ফুলিঙ্গ তৈরি করেছিলেন, তাতে অন্যরাও আলোকিত হয়ে বাকিরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন।'
বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশে যারা উচ্ছ্বসিত তাদের মনে রাখা উচিত যে জন মানসে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুঠ, স্বেচ্ছাচারিতা, মানুষের জীবন থেকে সাত আট বছর চুরি করে নেওয়া এবং তাদের মেধাগুলোকে চড়া দামে বাজারে বিক্রি করা আজ প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেছেন, আইনের বিচারে আদালতের অবজারভেশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে কিছু মামলা দূরে সরিয়ে নেয়া যেতে পারে। এটাও মনে রাখতে হবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে এই তদন্ত গতিপ্রাপ্ত হয়েছে। বহু দুর্নীতিগ্রস্ত মানুষের মুখোশ আজ খুলে গেছে। বহু মানুষকে জেলে যেতে হয়েছে। কোটি টাকা উদ্ধার হচ্ছে।
এদিকে আবার তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়ে টুইটে লিখেছেন, 'সত্যি সত্যিই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল! লক্ষ্মণ গণ্ডির বাইরে দাঁড়ানো ভেকধারী রাবণকে সীতাও সাধু ভেবেছিল। সীতার ভুল ভেঙেছিল অপহৃত হওয়ার পর। একই নিয়মে বাকিদেরও ভাঙবে। লাল সেলাম। ভালো থাকবেন কমরেড। ইতি, দেশের সংবিধানপ্রিয় এক নাগরিক।'












Click it and Unblock the Notifications