পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু, আলিপুরদুয়ার থেকে জঙ্গলমহলে পাখির চোখ অভিষেকের
পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। যেকোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে ভোট। তাই কালবিলম্ব না করে প্রচার শুরু করে দিতে চলেছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করবেন।

অভিষেকের সম্মতিতেই প্রচার নির্ঘণ্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায় এপ্রিলে মোট পাঁচটি সভা করবেন। কারণ আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন শাসকদল তৃণমূল। তাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভোট প্রচার শুরু করে দিতে চাইছেন। অভিষেকের সম্মতি নিয়েই করা হয়েছে প্রচার নির্ঘণ্ট।

আলিপুরদুয়ারের বাবুরহাটে অভিষেকের সভা
তৃণমূল সুত্রে জানানো হয়েছে এপ্রিল মাসেই পাঁচটি কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ৮ এপ্রিল তিনি জনসভা করবেন আলিপুরদুয়ারের বাবুরহাট খেলার মাঠে। প্রথমে এই জনসভা হওয়ার কথা ছিল ১১ মার্চ। কিন্তু উচ্চমধ্যমিক পরীক্ষা থাকায় এই সভার দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় পাখির চোখ
গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলাতে একটি আসনেও জিততে পারেনি তৃণমূল। তারপর আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। তারপর উত্তরবঙ্গের এই জেলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে শাসকদল। তারা চাইছে পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় হারানো জমি ফিরে পেতে।

বাঁকুড়া জেলায় কর্মসূচি অভিষেকের
এই জেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন। সেইমতো প্রচার পরিকল্পনা তৈরি করেছেন। আলিপুরদুয়ারের পর অভিষেক যাবেন জঙ্গলমহলে। ১২ এপ্রিল বাঁকুড়া জেলায় দ্বিতীয় কর্মসূচি রেখেছেন অভিষেক। গতবার বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্রেরে হার মানতে হয়েছিল তৃণমূলকে।

বাঁকুড়া জেলাকে বিশেষ গুরুত্ব তৃণমূলের
বিধানসভা নির্বাচনে খানিকটা সেই ক্ষত মেটাতে সমর্থ হয়েছিল তৃণমূল। চারটি আসনে জয় পেয়েছিল তারা। বাকি ৮টি আসনে জিতেছিল বিজেপি। এবার এই দুই লোকসভা কেন্দ্রে তাই বিশেষ নজর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের মধ্যে বাঁকুড়া জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।

পূর্ব বর্ধমানে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এরপর ১৭ এপ্রিল পূর্ব বর্ধমানে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জেলায় পর্যাপ্ত প্রাধান্য বজায় রাখতে সমর্থ হয়েছিল তৃণমূলয। গত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনেও তৃণমূলের প্রাধান্য ছিল। তা সত্ত্বেও অভিষেক এই জেলাকে নিজের কর্মসূচিতে রেখেছেন।

২০ এপ্রিল ফের উত্তরবঙ্গে যাবেন অভিষেক
২০ এপ্রিল তিনি ফের যাবেন উত্তরবঙ্গে। এবার তাঁর লক্ষ্য দক্ষিণ দিনাজপুরে। এই জেলাও হাতছাড়া হয়েছিল তৃণমূলের। এই জেলার একমাত্র লোকসভা আসন বালুরঘাট। এখানকার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ২০২১-এ বিধানসভা নির্বাচনে এই জেলায় ৬টি বিধানসভার মধ্যে তিনটিতে জয়ী হয় তৃণমূল, তিনটিতে বিজেপি।

আরামবাগও প্রচার পরিকল্পনায়
অভিষেক পঞ্চম জনসভাটি করবেন ২৯ এপ্রিল। হুগলি জেলার আরামবাগে বিজেপির সংগঠন বেশ ভালো। এই জেলার আরামবাগে, পুরশুড়া, গোঘাট এবং খানাকুলের মতো আসনে বড় ব্যবধানে জয় পেয়েছিল বিজেপি। তাই এই আরামবাগকেও নিজের প্রচার পরিকল্পনায় রেখেছেন অভিষেক।












Click it and Unblock the Notifications