ব্যবস্থা নেওয়ার পরও কেন রাজ্য সরকারের সমালোচনা! পাল্টা প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ অভিষেকের
লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলায় যে তৎপরতা দেখিয়ে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে তা দৃষ্টান্তমূলক। এমনই দাবি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তিনি উল্লেখ করেন, ঘটনার এক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছিলেন এবং তাঁদের সরকার "মানুষের সামনে মাথা নত করেছে।"

অভিষেক সংবাদমাধ্যমকে প্রশ্ন করে বলেন, "কুম্ভ মেলায় এত মানুষ মারা গিয়েছিলেন, দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে এত মানুষ নিহত হয়েছিলন... আপনারা কি যোগী আদিত্যনাথকে প্রশ্ন করেছেন? দিল্লি স্টেশনের ঘটনা নিয়ে কোনও বিজেপি নেতা বা মন্ত্রীকে প্রশ্ন করতে যান?"
তিনি আরও যোগ করেন, "তদন্ত কমিশন ছাড়ুন, গ্রেফতারি ছাড়ুন, সব কিছু ছাড়ুন। আপনারা দেশের সামনে ক্ষমাও চাননি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পুলিশ আধিকারিক থেকে শুরু করে স্টেডিয়ামের শীর্ষ ব্যবস্থাপনা, এমনকি মন্ত্রী পর্যন্ত-সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
অন্য এক প্রসঙ্গে, অভিষেক জানান যে, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision - SIR) বাস্তবায়নের পদ্ধতিতে তাঁরা সন্তুষ্ট নন, তবে এটি চূড়ান্ত তালিকা নয়।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর মেসি নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়ার পর ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের ভিতরে ভাঙচুর করে। কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, এতে প্রায় ২ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার জেরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন। রাজ্য সরকার ডিজি (DGP) ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের শো-কজ করে এবং একজন ডেপুটি কমিশনারকে সাময়িক বরখাস্ত করে।












Click it and Unblock the Notifications