আগামীকাল পঞ্চায়েত হলেও তৈরি দল! নতুন তৃণমূলের ব্যাখ্যা দিয়ে কী বললেন অভিষেক?
আগামীকাল পঞ্চায়েত হলেও তৈরি দল! নতুন তৃণমূলের ব্যাখ্যা দিয়ে কি বললেন অভিষেক?
পঞ্চায়েত ভোট অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে হবে। ফের একবার আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার ডায়মন্ডহারবারে প্রশাসনিক সভা করতে যান তিনি। একাধিক ইস্যুতে প্রশাসনের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন অভিষেক। আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক প্রশ্নের জবাব দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর এর মধ্যেই পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যবাসীকে আশ্বাসবার্তা অভিষেকের। একই সঙ্গে বিজেপিকে আক্রমণ শানাতেও যদিও ছাড়েননি তিনি। যদিও এর আগেও একাধিক বার পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে বলে বার্তা দিয়েছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। কিন্ত্য এরপরেই হুঁশিয়ারি পালটা হুঁশিয়ারি শোনা যাচ্ছে শাসকদলের একাধিক নেতার মুখে।

তৃণমূল তৈরি আছে
অভিষেক বলেন, রাজ্যে কবে পঞ্চায়েত নির্বচন হবে তা নবান্ন এবং রাজ্য নির্বাচন কমিশন আলোচনা করে ঠিক করবে। তবে আগামীকালও যদি ঘোষণা করা হয় তৃণমূল তৈরি আছে বলে মন্তব্যে ডায়মন্ডহারবারর সাংসদ। তবে এবার ভোট শান্তিপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, মানুষ উৎসবের মেজাজে ভোট দেবে। মানুষ ভোট দেবে। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। মানুষের কাছে রিপোর্ট কার্ড নিয়ে যাবে বলে মন্তব্য অভিষেকের। শুধু তাই নয়, মানুষ যাকে চাইবে তাঁকে ভোট দেবে। সে জিতবে বলেও মন্তব্য তাঁর।

পুকুরে ব্যালট ফেলতে হবে না
পঞ্চায়েত ভোট ভুন্ডুল করতে পুকুরে ব্যালট ফেলতে হবে না বলেও মন্তব্য অভিষেকের। এমনকি এই বিষয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিস প্রশাসনকে নির্দেশ দিয়েছে বলে দাবি অভিষেকের। বলেন, বিক্ষিপ্ত কোনও ঘটনা ঘটলেও পুলিস কড়া ব্যবস্থা নেবে। তবে পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী পাওয়া নিয়েও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অভিষেক। বলেন, পঞ্চায়েত নির্বাচনে ওদের প্রার্থী খুঁজতে হবে। বেশির ভাগ বুথেই প্রার্থী দিতে পারবে না বলেও দাবি তাঁর। জেরবার হবে বলে দাবি অভিষেকের।

নতুন তৃণমূল নিয়েও ব্যাখ্যা অভিষেকের!
অন্যদিকে নতুন তৃণমূল নিয়েও ব্যাখ্যা দেন এদিন অভিষেক। বলেন, আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করছি। কোথাও কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সাংসদ। উদাহারণ দিয়ে বলেন, গত কয়েকদিন আগে রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আসে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরেও একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এটাই নতুন তৃণমূল। যেখানে মানুষকে অগ্রাধিকার দেওয়া। নতুন এবং পুরানোদের নিয়েই নতুন তৃণমূল বলেও ব্যাখ্যা সাংসদের। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার বলেও দাবি তাঁর।












Click it and Unblock the Notifications