তৃণমূল জিতলে কি এবার মন্ত্রী! একুশের ভোট শেষে অভিষেক জানালেন তাঁর মনের কথা
তৃণমূল জিতলে কি এবার মন্ত্রী! একুশের ভোট শেষে অভিষেক জানালেন তাঁর মনের কথা
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনিই দলের হয়ে সর্বাধিক প্রচার করেছেন। একুশের যুদ্ধে আগের তুলনায় অনেক বেশি দায়িত্ব নিতে হয়েছে তাঁকে, তবে কি এবার নির্বাচনে জিতলে মন্ত্রী হচ্ছেন অভিষেক? নিজের মুখেই উত্তর দিলেন সেই প্রশ্নের। একইসঙ্গে তিনি সর্বসমক্ষে জানিয়ে দিলেন নিজের মনের কথা।

দু-বার সাংসদ হয়েছেন, পরবর্তী লক্ষ্য তাহলে কী?
রাজনৈতিক মহলে অভিষেক তৃণমূলের যুবরাজ বলে খ্যাত। তবে তিনি নিজেকে যুবরাজ মানতে নারাজ। নারাজ দলের সেকেন্ড ইন কম্যান্ড মানতেও। তাঁর সাফ কথা, যুবরাজ বা সেকেন্ড ইন কম্যান্ড কিছুই হতে চাই না। তাহলে কী হতে চান, ইতিমধ্যেই তো দু-বার সাংসদ হয়েছেন, পরবর্তী লক্ষ্য তাহলে কী?

মন্ত্রী হব না। আমি চাই সংগঠনের কাজ করতে
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, তিনি চান দলের কর্মী হয়ে থাকতে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের এক ও অদ্বিতীয় নেত্রী। তিনি থাকতে চান তাঁর সৈনিক হয়েই। মন্ত্রী তিনি হতে চান না। নিজের মুখেই বললেন, নবান্নে যাওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। আমি মন্ত্রী হব না। আমি চাই সংগঠনের কাজ করতে।

যদি মন্ত্রী হতে অনুরোধ করা হয়, কী বলবেন অভিষেক
অভিষেক তাঁর মনের কথা বলে জানালেন, যদি আমাকে মন্ত্রী হতে অনুরোধ করা হয়, আমি পাল্টা এই প্রস্তাব দেব। আমার ইচ্ছা দলের সংগঠন বাড়িয়ে তৃণমূলকে জাতীয় দলে রূপান্তরিত করতে। আমার লক্ষ্য অন্তত ১০টি রাজ্যে তৃণমূলকে প্রসারিত করে জাতীয় দল করা। আমার দিক থেকে এই কথা আমি দলের সামনে তুলে ধরব।

সাংসদ হিসেবে নিজের কেন্দ্রে পাঁচ বছরের জন্য দায়বদ্ধতা আছে
অভিষেক বলেন, কিছু লোকের আবেগ থাকে। তাঁরা আবেগে আমাকে নিয়ে অনেক কথা বলেও থাকেন। কিন্তু আমার নিজস্ব চাওয়া-পাওয়ারও তো একটা জায়গা আছে। সেই জায়গা থেকেই বলছি, আমার মন্ত্রিত্ব কোনও ইচ্ছা নেই। আমার মানসিকতা অন্য। আমি সাংসদ। নিজের কেন্দ্রে আমার পাঁচ বছরের জন্য দায়বদ্ধতা আছে।

মানুষের সঙ্গে সংযোগ আছে, তাই জয়ের ব্যবধান প্রায় ৫ গুণ
আর এই দায়বদ্ধতার প্রশ্নেই অভিষেক বলেন, ২০১৯ সাল থেকে আমি কালীঘাটে পার্টি অফিসের উপরে থাকি। নিজের বাড়িতে থাকি না। যদি মানুষের সঙ্গে সংযোগ না-ই থাকবে আমার ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ের ব্যবধান ৭০ হাজার থেকে বেড়ে ৩ লক্ষ ২১ হাজার হয় কী করে! সেটাও তো ভেবে দেখা দরকার।












Click it and Unblock the Notifications