সুপ্রিম রাস্তা খোলা আছে জানিয়েও অভিষেক বললেন, 'তদন্তের স্বার্থে যাত্রা থামিয়ে যাব'
স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বড় ধাক্কা কলকাতা হাইকোর্টে। তবে বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখেই এগোব বলেই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আদালতের রায়ের পরেই ক্যাম্পে বসেই আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। যে কোন তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। তবে ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্টের দরজা খোলা রয়েছে। অবশ্যই সেই আদালতের দ্বারস্থ হবেন। নাগরিক হিসাবে সেই ক্ষমতা আছে বলেও এদিন মন্তব্য করেন অভিষেক।

তবে জরিমানা প্রসঙ্গে কার্যত বিচার ব্যবস্থাকে একহাত নিলেন। অভিষেক বলেন, যারা কথায় কথায় পিএইএল করে তাদের কোন জরিমানা করা হয় না। কনভয়ে মানুষের মৃত্যু হলে যারা রক্ষাকবচের আবেদন করে , তাদের জরিমানা করা হয় না।
আমি অধিকারকে সামনে রেখে বিচারব্যবস্থার দ্বারস্থ হয়েছি বলে আমায় জরিমানা করা হল। একই সঙ্গে ইডি কিংবা যে কোনও তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেও তাঁর কোনও সমস্যা নেই বলেও মন্তব্য করেছেন।
তবে কোনও যোগসাজসে যুক্ত থাকলে একহাতে প্রমাণ দিন আরেকহাতে প্রকাশ্যে ফাঁসির মঞ্চ বানিয়ে আমাকে সেখানে তুলুন। দৃষ্টান্ত স্থাপন করুন। এজন্যে ইডি-সিবিআইকে লাগাতে হবে না বলেও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন অভিষেক। তবে তদন্তে সবরকম ভাবে তদন্তে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

বলেন, তদন্তে সবসময় সবরকম ভাবে সাহায্য করেছি। এমনকি দিল্লিতেও এর আগে আমাকে ডাকা হয়েছে। গিয়েছি। ডাকলে আমি আবার যাব। এমনকি তদন্তের স্বার্থে ডাকলে একদিন যাত্রা থামিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সবরকম ভাবে সাহায্যের কথাও জানিয়ছেন তিনি।
প্রসঙ্গত বৃহস্পতিবার সকালেই উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহা রায় দেন যে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করতে পারে। এর পাশাপাশি আদালতে সময় নষ্টের জন্য ২৫ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়।
আদালতের এই রায়ের পরেই জনজোয়ার ক্যাম্পে বসেই আইনি পরামর্শ সারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর এরপরেই দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বলে রাখা প্রয়োজন, একদিনে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অভিষেক অন্যদিকে সুপ্রিম কোর্টের যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁর আইনজীবীরা। তবে নির্দেশনামা এখনও হাতে আসেনি। আর তা আসলেই সুপ্রিম কোর্টে বিচারপতি সিনহার বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে। ফলে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications