Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকা থেকে ফিরলেন কলকাতায়, ভোঁতা বিরোধীদের পলায়ন তত্ত্ব
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকায় চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরলেন। আজ দমদম বিমানবন্দরের গেট দিয়ে তিনি বেরিয়ে আসেন কন্যার হাত ধরে। তাঁর বিদেশ সফর ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছিল।
বিমানবন্দরে অভিষেক হাসিমুখেই উপস্থিত দলীয় কর্মী-সমর্থক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দিকে তাকিয়ে হাত নাড়েন। যথাসময়ে শহরে ফিরে তিনি ভোঁতা করলেন বিরোধীদের আক্রমণ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। চিকিৎসকদের পরামর্শমতো ফের সেখানে চোখ দেখাতে যাওয়ার কথা ছিল। সে কারণে ইডির কাছে অনুমতির জন্য আবেদন করেছিলেন অভিষেক। শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়ে অভিষেক জানিয়েছিলেন, অনেকদিন আগে অনুমতি চাইলেও ইডি চিঠির উত্তরে কিছুই জানায়নি। অভিষেককে চিকিৎসা করাতে বাধাদান উচিত নয় বলে বুঝিয়ে দেয় আদালত।
কলকাতা হাইকোর্টেও অভিষেকের আইনজীবী জানান, বিদেশ সফরে যাওয়ার বিষয়ে ইডির অনুমতি মেলেনি। শুনানি চলাকালীন অভিষেক নীরবেই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন। তখনও পর্যন্ত কোনও আদালতই অভিষেকের আর্জি প্রসঙ্গে কোনও নির্দেশ দেয়নি। অভিষেক ২৬ জুলাই সকালের বিমানে দুবাই যান, সেদিন বিমানবন্দরে নিরাপত্তার তৎপরতা দেখা যায়নি।

অভিষেকের বিদেশ যাওয়ার কথা সামনে আসতেই আসরে নেমে পড়ে বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকার সমালোচনা করার পাশাপাশি বিরোধী নেতা-নেত্রীরা বলতে থাকেন, অভিষেক সস্ত্রীক পালিয়ে গিয়েছেন। যদিও তার কিছুদিনের মধ্যেই তারকেশ্বরে পুজো দিতে দেখা যায় অভিষেক-পত্নী রুজিরাকে। সম্প্রতি রুজিরাও বিদেশে গিয়েছিলেন বলে জানা যায়।
ইডি অবশ্য অভিষেক দেশ ছাড়ার পর জানিয়েছিল, বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন অভিষেক টাইমস স্কোয়্যারে দাঁড়িয়ে তোলা সেলফি পোস্ট করেন। যে চিকিৎসকের কাছে তিনি গিয়েছিলেন তাঁর সঙ্গে আলাপচারিতার ছবিও পোস্ট করেন। এমনকী সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে গল্প ছড়ানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কটাক্ষও করেছিলেন অভিষেক।
ইডিকে দেওয়া চিঠিতে অভিষেক জানিয়েছিলেন, তিনি ২০ অগাস্ট অবধি নিউইয়র্কে থাকবেন। সেখানকার ঠিকানা, ফোন নম্বর সবই দেওয়া ছিল। যদিও ২০ তারিখের অনেক আগেই তিনি দেশে ফিরবেন বলেও জল্পনা ছিল। সেই দিনগুলি পেরিয়ে যেতেই অভিষেককে নিয়ে চর্চা, কটাক্ষ শুরু হয়। কিন্তু দেখা গেল, যে সময়সীমা তিনি ঠিক করেছিলেন, তার মধ্যেই শহরে ফিরে এলেন।
সামনেই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই সঙ্গে ধূপগুড়ি উপনির্বাচনে দলের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে অভিষেকের। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড চিকিৎসা করিয়ে শহরে ফেরায় উচ্ছ্বসিত ও উজ্জীবিত দলীয় কর্মী-সমর্থকরা। অভিষেক ফিরে আসায় বিরোধীদের পলায়ন তত্ত্ব আপাতত ভোঁতা।
যদিও অভিষেকের বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার প্রসঙ্গ তুলে রাজ্যে সরকারি হাসপাতালে ভরসা না থাকা নিয়ে কটাক্ষ চালাচ্ছেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications