Abhishek Banerjee: শহিদ দিবসের আগেই 'শান্তিনিকেতনে' ফিরলেন অভিষেক! দলে দলে কলকাতামুখী তৃণমূল নেতা-কর্মীরা
Abhishek Banerjee: হাতে মাত্র একটা দিন! রবিবার ধর্মতলায় ঐতিহাসিক ২১শে জুলাই (21 july shahid diwas) শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে অভাবনীয় জয়। আসন সংখ্যা বেড়ে ২৯। এমনকি উপ-নির্বাচনগুলিতেও বিপুল ভোটে জয় পেয়েছে শাসকদল।
আর এই জয় শহিদের মঞ্চে উদযাপনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে সভায় যোগ দিতে তৃণমূল নেতা-কর্মীরা আসতে শুরু করে দিয়েছে। কিন্তু ২১শে জুলাই শহিদের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল।

কিন্তু আজ শুক্রবার সকালেই কলকাতায় ফেরেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড (Abhishek Banerjee)। সংসদে শপথের পরেই আমেরিকায় চোখের চিকিৎসায় উড়ে যান। রাজনীতি থেকে 'সাময়িক ছুটি' নেওয়ার কথা জানিয়ে যান ডায়মণ্ডহারবারের সাংসদ। এই অবস্থায় ২১ শে জুলাই'য়ের মঞ্চে তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন ওঠে। কিন্তু অনুষ্ঠানের আগেই শহরের ফিরে আসায় সেই ধোঁয়াশা কেটেছে নেতা-কর্মীদের মধ্যে।
তাঁদের আশা, আগের মতোই ২১শের মঞ্চে মাইক হাতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। অন্যদিকে রবিবার কলকাতার ২১শে জুলাই অর্থাৎ শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আজ শুক্রবার এনজেপি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে কলকাতার উদ্যেশে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ দলের মহিলা ও যুব কর্মী সমর্থকরা।
এদিন ২১শে জুলাই কর্মসূচির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের জন্য শিলিগুড়ি টাউন ব্লক ৩ আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার তরফে সহায়তা কেন্দ্র এবং টিফিনের ব্যবস্থা করা হয়। সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এদিন প্রচুর কর্মী সমর্থক লাইনে দাঁড়িয়ে সেই টিফিন সংগ্রহ করে কলকাতার ধর্মতলার শহীদ দিবসের অনুষ্ঠানে যোগদান করার উদ্দেশ্যে রওনা দেন।
এদিকের পরিস্থিতি খতিয়ে দেখতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। স্থানীয় তৃঞ্জমুল নেতৃত্ব জানিয়েছেন, রাজ্যে লোকসভা ভোটে তৃণমূলের বিপুল সাফল্যের পর এবারের শহীদ দিবসের এই অনুষ্ঠান তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই অনুষ্ঠানে যোগদান করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসতে শুরু করেছে কলকাতার উদ্দেশ্যে।












Click it and Unblock the Notifications