হাওড়ায় ফের হোয়াইটওয়াশ চান অভিষেক, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস পুর নির্বাচন নিয়ে
আগামী বিধানসভা নির্বাচনেও হাওড়া জেলায় হোয়াইটওয়াশ চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ ডায়মন্ড হারবারের সাংসদ ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করলেন হাওড়া গ্রামীণ ও সদরের নেতৃত্বের সঙ্গে। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

সূত্রের খবর, বৈঠকে নিবিড় জনসংযোগের উপর জোর দেন অভিষেক। জনপ্রতিনিধিদের বলেছেন, আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে থাকতে। অভিষেক বলেছেন, শিবিরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। তাঁদের থেকে সমস্যার কথা জানতে হবে। এই কর্মসূচি যাতে সফল হয় সেজন্য এলাকায় এলাকায় প্রচার চালানোরও নির্দেশ দেন অভিষেক।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, কেন্দ্রীয় বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরতেও বলেন অভিষেক। খোঁজ নিতে হবে প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছচ্ছে কিনা সে ব্যাপারেও। ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিতে বলেছেন অভিষেক। সংগঠন আরও জোরদার করার বার্তাও দিয়েছেন। রিপোর্ট কার্ডের ভিত্তিতে সাংগঠনিক কিছু রদবদলেরও আভাস দিয়েছেন অভিষেক। ঐক্যবদ্ধ থেকে সব কটি আসনে দলকে জেতানোর অঙ্গীকার করেছেন এই সাংগঠনিক জেলাগুলির নেতৃবৃন্দ।
সূত্রের খবর, হাওড়া পুর নিগমে ৭ বছর ধরে ভোট না হওয়ার প্রসঙ্গও উঠেছিল এদিনের বৈঠকে। এতে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ। ২০১৮ সাল থেকে হাওড়া পুর নিগমে নির্বাচন বকেয়া। ২০১৩ সালে শেষবার ভোট হয়। বালি পুরসভা নিয়েও নানা জট আছে। সম্প্রতি বালির প্রশাসক নিয়োগ করা হয়েছে বিধায়ক রানা চট্টোপাধ্যায়কে। দলের মধ্যে এই বিষয় নিয়ে অসন্তোষের গুঞ্জনও রয়েছে। নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ায় দলকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অভিষেক পুর ভোটের বিষয়টি নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
এদিনের বৈঠকে অভিষেক জানতে চান, শিবপুর ও মধ্য হাওড়ায় রাজ্যের দুই মন্ত্রী থাকলেও কেন ২০২১ সালের তুলনায় এই দুটি বিধানসভা ক্ষেত্রে লোকসভা নির্বাচনে ভোট কেন কমেছে? উত্তর হাওড়া ও বালিতে লিড সামান্য থাকার বিষয়টি নিয়েও দলকে সতর্ক করা হয়েছে বলে খবর। যদিও আসন্ন নির্বাচনে লিড বাড়ানোর বিষয়ে অভিষেককে আশ্বস্ত করেছেন সেখানকার নেতারা।












Click it and Unblock the Notifications