সবাই নজর রাখুন ২ তারিখে! কুণালের জানুয়ারি-সাসপেন্স নিয়ে কী বললেন অভিষেক
সবাই নজর রাখুন ২ তারখে! কুণালের জানুয়ারি-সাসপেন্স নিয়ে কী বললেন অভিষেক
বাংলায় ফের তারিখ রাজনীতি। শুভেন্দু অধিকারীকে পাল্টা দিতে গিয়ে ২ জানুয়ারি নিয়ে সাসপেন্স তৈরি করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এবার ওই তারিখ রাজনীতি নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবশ্য সেসপেন্স তৈরি করেননি। তিনি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, কী হতে পারে ২ জানুয়ারি। তারপরও কিন্তু চর্চার শেষ নেই। বিরোধীরা পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

শুভেন্দুর দেওয়া তারিখ প্রসঙ্গে
সম্প্রতি শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ধামাকার পাল্টা তারিখ রাজনীতিতে জল্পনা তৈরি করেছিলেন কুণাল ঘোষ। শুভেন্দু ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ তারিখের কথা উল্লেখ করে রাজ্যে ধামাকার বার্তা দিয়েছিলেন। তার পাল্টা কুণাল জানিয়েছিলেন, শুভেন্দুর দেওয়া তারিখ নিয়ে জ্যোতিষের কাছে গিয়েছিলাম। তিনি তো ভিন্ন তারিখের কথা বলছেন।

দরজা খোলার বার্তায় ২ তারিখ নিয়ে জল্পনা
কুণাল বলেন, জ্যোতিষী গণনা করে জানান, ডিসেম্বরের ওই তিন দিনে তো কিছুই মিলছে না। তবে বললেন ২ জানুয়ারি একটা কিছু হতে পারে। কী হতে পারে ২ জানুয়ারী? তা তিনি স্পষ্ট করে বলেননি। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথির সভায় দরজা খোলার কথা বলেছিলেন। আর তা নিয়েই জল্পনা তৈরি হয়

২ তারিখের সাসপেন্স নিয়ে অভিষেক
এবার ২ জানুয়ারির প্রাক্কালে অভিষেককে ছুড়ে দেওয়া হয়েছিল সেই প্রশ্নটাই। এদিন ২ তারিখের সাসপেন্স নিয়ে অভিষেক অবশ্য ভিন্ন কথা বললেন। রাজনৈতিক মহল মনে করেছিল ২ জানুয়ারি তৃণমূলে কোনও বড় যোগদান হতে পারে। অভিষেকের সেই যোগদান প্রসঙ্গে বলেছেন, সঠিক সময় এলেই দরজা খোলা হবে।

২ জানুয়ারিকে গুরুত্বপূর্ণ আখ্যা অভিষেকের
সঠিক টাইমিংয়ের কথা বলে তিনি ২ তারিখের সাসপেন্সকে অনেকটা স্তিমিত করে দিয়েছেন। তবে তিনি ২ জানুয়ারিকে গুরুত্বপূর্ণ আখ্যাও দিয়েছেন। কেননা এদিনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা-কর্মীদের জন্য নীতি নির্ধারণ করে দেবেন। আগামী দিনে তাঁর দেখানো সেই পথেই চলবে তৃণমূল।

অভিষেকের টাইমিং-বার্তার পর জল্পনা স্তিমিত
জানুয়ারির ২ তারিখে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে নজরুল মঞ্চে। সাড়ে ৩ হাজার আমন্ত্রিত প্রতিনিধিকে প্রয়োজনীয় বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ওইদিন অন্য দল থেকে গুরুত্বপূর্ণ নেতারা যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছিল, তবে অভিষেকের টাইমিং-বার্তার পর সেই জল্পনা অনেকটা স্তিমিত।

আপনারা সবাই নজর রাখুন ২ তারিখের দিকে
অভিষেক এদিন সাফ জানিয়ে দিলেন সোমবার দলের মিঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশনা করবেন। সর্বস্তরের প্রতিনিধিরা থাকবেন। আপনারা সবাই নজর রাখুন। আর অভিষেকের এই বার্তার পর বিরোধীরা বললেন তৃণমূলের আবার নীতি নির্ধারণ কী, কীভাবে চুরি করা যায়, তার নতুন কোনও পন্থা বের করবেন। সেইমতো বার্তা দেবেন দলকে।












Click it and Unblock the Notifications