অভিষেকের সুপ্রিম-স্বস্তি, সোমবার পর্যন্ত কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না ইডি-সিবিআই
অভিষেকের সুপ্রিম-স্বস্তি, সোমবার পর্যন্ত কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না ইডি-সিবিআই
কয়লা পাচার-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জেরা করছেন ইডি আধিকারিকরা। আর এই অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন বড় কোনও ঘটনা ঘটতে পারে বলে জল্পনা তৈরি করছেন, তখনই সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কোনও বড় পদক্ষেপ করতে পারবে না ইডি
শুক্রবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও চরম পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ তাঁকে গ্রেফতার বা আটক কিছুই করা যাবে না সোমবার পর্যন্ত। শুক্রবার একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলাটি ফের শুনানি হবে সোমবার। ততক্ষণ পর্যন্ত কোনও বড় পদক্ষেপ করতে পারবে না ইডি।

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন অভিষেক
বেআইনি কয়লা পাচার মামলায় শুক্রবার কলকাতায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সকাল পৌনে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন। এই কপি পাবলিশ হওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। ইত্যবসরে সুপ্রিমো কোর্টে স্বস্তি মিলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়ে গেলেন তিনি।

সোমবার পর্যন্ত সুপ্রিম-স্বস্তি পেলেন অভিষেক
এদিন সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার পাশাপাশি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট সেই মামলায় জানিয়েছে, ইডির তরফে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে সোমবার। সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, সোমবার শুনানির আগে ইডি যেন কোনও চরম পদক্ষেপ করতে পারবে না।

দিল্লিতে গিয়ে হাজিরাও রোধ হয়েছিল সুপ্রিম সিদ্ধান্তে
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এর আগেও অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ পেয়েছিলেন অভিষেক। অভিযোগ ছিল, ইডি তাঁকে এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বারবার দিল্লিতে তলব করছিল। সেই মামলায় অভিষেক জানিয়েছিলেন, বারবার দিল্লি গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর সেই আবেদন প্রথমে দিল্লি হাইকোর্ট খারিজ করলেও পরে সুপ্রিম কোর্ট মেনে নেয়।

রুজিরার পর অভিষেককেও জেরা কলকাতার অফিসে
সুপ্রিম কোর্ট একই সঙ্গে জানিয়েছিল, কলকাতায় অভিষেককে জেরা করতে গেলে ইডি অফিসারদের উপর যেন কোনও হামলা না হয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর ইতিমধ্যে কলকাতায় ইডি দফতরে একবার রুজিরাকে জেরা করেছে ইডি। তার পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির তরফে।

সেটিং তত্ত্ব উড়িয়ে যা বলেছিলেন সুকান্ত
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন জেরা করছে ইডি, তখন বিজেপির রাজ্য সভাপতি আশঙ্কার বার্তা দিয়ে বলেছিলেন, মোদী-দিদির কোনও সেটিং নেই। তাহলে পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডল কেউ গ্রেফতার হতেন না। আরও অনেকে গ্রেফতার হতে পারেন। আজ বড় কিছু ঘটতে পারে, সেদিকে নজর রাখুন।












Click it and Unblock the Notifications