বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি অভিষেকের
ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই তিনি এবার শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন তুলেছেন। আদালতের বাইরে একাধিক বিষয়ের মন্তব্য করেছেন তিনি। তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে যাওয়া অভিষেকের।
প্রথমে সন্দেশখালির ঘটনার পর প্রকাশ্যে সংবাদমাধ্যমে তীব্র মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। রাজ্য সরকার মামলা লড়তে কত টাকা খরচ করছে? সেই প্রশ্নও তিনি তুলেছিলেন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এই আবহতেই সুপ্রিম কোর্টে আর্জি জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের ভিতরে ও বাইরে একাধিক বিষয়ে মন্তব্য করছেন। রাজ্যে একাধিক তদন্ত চলছে। সেই তদন্ত প্রক্রিয়ায় বিচারপতির মন্তব্য যাতে প্রভাব ফেলতে না পারে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্দেশ দিক। এমন আর্জি করেছেন অভিষেক।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক। একটি বিশেষ বেঞ্চ তৈরি করা হোক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে সব মামলা চলছে, সেগুলি সরিয়ে নিয়ে যাওয়া হোক। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরে গিয়েছিল বিচারপতি অমৃত সিনহার কোর্টে। সেখান থেকেও মামলা সরানো হোক। সব মামলার বিচার প্রধান বিচারপতি তৈরি করা বিশেষ বেঞ্চে হোক।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাতে কোনওরকম মন্তব্য করতে না পারেন। এই বিষয়টি নিশ্চিত করুক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট৷ এমনই আর্জি রেখেছেন অভিষেক।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণ চাওয়া হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি চিঠিও জমা পড়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিষয়ে প্রশ্ন তোলেন। এবার জল কোন দিকে গড়াবে? নজর রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications