শীঘ্রই ‘চাটনিদাদু’কে বাংলা-ছাড়া করবে বাংলার মানুষ, মুকুলকে শ্লেষে বিঁধলেন অভিষেক
অভিষেক তোপ দাগেন, ‘রাজ্যে একজন পরিবর্তনের ডাক দিয়েছেন। পরিবর্তনের ডাক দেওয়া সেই চাটনিবাবুকে সবার আগে বাংলা থেকে বিদায় করতে হবে।’
মুকুল রায়কে নাম না করেই আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারের বজবজে এক জনসভায় অভিষেক তোপ দাগেন, 'রাজ্যে একজন পরিবর্তনের ডাক দিয়েছেন। পরিবর্তনের ডাক দেওয়া সেই চাটনিবাবুকে সবার আগে বাংলা থেকে বিদায় করতে হবে।'

অভিষেকের কথায়, 'খুব শীঘ্রই বাংলা ছাড়া করা হবে চাটনিবাবুকে। অবশ্য তাঁকে দাদু বলাই উচিত। কেননা তিনি বয়সের ভেদাভেদ করেন না। সবাইকেই 'বাচ্চা ছেলে' বলেন। তাঁর কাছে আমিও বাচ্চা ছেলে আর পার্থ চট্টোপাধ্যায়ও বাচ্চা ছেলে। সেই হিসেবে তাঁকে দাদু বলাই যায়। তাই 'চাটনিবাবু' না বলে, তাঁকে 'চাটনিদাদু' নামেই ডাকা উচিত।'

এদিন মুকুল রায়ের নাম না নিলেও, অভিষেকের পুরো ভাষণজুড়ে ছিলেন মুকুল রায়ই। অভিষেক বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোথায় থাকতেন তিনি। কোনওদিনও গণতান্ত্রিক কাঠামোতে অংশ নেননি তিনি। একবার যদিওবা অংশ নিলেন, সেখানে গোহারা হলেন। তিনি আবার এখন পরিবর্তনের বুলি আওড়াচ্ছেন। যিনি একটা আসনে জিততে পারেন না, তিনি করবেন পরিবর্তন!'
অভিযেক কটাক্ষ করেন, 'সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাছাড়া হবেন আমাদের চাটনি দাদু। আসন্ন পঞ্চায়েত ভোটেই তাঁর আভাস পেয়ে যাবেন। তারপর ২০১৯-এই বাংলার মানুষ বিজেপিকে বাংলা থেকে দূর করে দেবে।' উল্লেখ্য, মুকুল রায় বিজেপিতে গিয়েই তাক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিশ্ববাংলা বিতর্কে সেই লড়াই গিয়েছে আইনের দরজায়। এবার ধীরে ধীরে মুকুলের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন অভিষেক।












Click it and Unblock the Notifications