মান্নান থেকে সুজন-সেলিম এক সুর, মুকুল নিয়েও কি মোদী-দিদি আঁতাত দেখছেন ওঁরা
বিজেপিতে যোগ দেওয়ার পরও মুকুল প্রসঙ্গে একই অবস্থান ওঁদের। আগেও যেমন মুকুল রায়কে ধর্তব্যের মধ্যেও ধরতে রাজি ছিলেন না, আজও তেমনই।
বিজেপিতে যোগ দেওয়ার পরও মুকুল প্রসঙ্গে একই অবস্থান ওঁদের। আগেও যেমন মুকুল রায়কে ধর্তব্যের মধ্যেও ধরতে রাজি ছিলেন না, আজও তেমনই। কংগ্রেস বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান মুকুল রায়কে নিয়ে মন্তব্যেও অরাজি। আর সিপিএম সা্ংসদ মহম্মদ সেলিম তাঁকে বিজেপির দালালি করতে গিয়েছেন বলে মন্তব্য করলেন। তাঁর কথার সুর ধরেই সুজন চক্রবর্তী বললেন, দিদি আর মোদীর সমন্বয় সাধন করতেই বিজেপিতে গিয়েছেন মুকুল।
এদিন মুকুল রায় বিজেপি-তে যোগদানের পরই এক প্রশ্নের উত্তরে আবদুল মান্নান বলেন, 'এটা সম্পূর্ণ তৃণমূল ও বিজেপির ব্যাপার। এই বিষয়ে আমার ছিটেফোঁটা মন্তব্য করার ইচ্ছা নেই। কেন না মুকুল রায় সাধুপুরুষ বা মহাপুরুষ কিছুই নন। তিনি কি আমি ভালো মতোই জানি। তাঁকে নিয়ে মন্তব্য করে অহেতুক কাদা ঘাঁটতে চাই না।'

সিপিএম সাংসদ মহম্মদ সেলিম তো সরাসরি তাঁকে দালাল বলে সম্বোধন করলেন। বললেন, 'আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করত। এখন দালালি করবেন অমিত শাহের। বাংলায় তৃণমূলের হয়ে সমস্ত অপকর্মের মূলে রয়েছেন ওই মুকুল রায়। এখন তিনি বিজেপিতে গিয়ে অমিত শাহের হয়ে দালালি শুরু করবেন। যেভাবে তৃণমূলের হয়ে অপকর্ম করে গিয়েছেন, সেভাবে বিজেপির হয়ে অপকর্ম করবেন। আর মমতাকে ওইসব অপকর্মগুলো করার জন্য নতুন করে একজন খুঁজতে হবে।'
সিপিএম বিধায়ক তথা বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মুকুলের বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন, 'একই মাস্টারের যেমন দুই ছাত্র হয়, তেমনই আর কী! মমতার হয়ে সব কাজ ছেড়ে এবার মোদীর বাড়িতে গিয়েছেন। তার আসল কাজ মোদী-দিদি সম্পর্ক অটুট রাখা। সেই কাজই এবার তিনি গুরুত্ব সহকারে করত চলেছেন। এখন থেকে মোদী আর দিদির আঁতাতে সমন্বয় সাধন করবেন মুকুল রায়। এই তো উদ্দেশ্য। আদতে এতে বাংলার রাজনৈতিক চালচিত্রের তেমন কোনও পরিবর্তন হবে না। পুরোপুরি তৃণমূল-বিজেপির সেটিং-এর ব্যাপার এটি।'












Click it and Unblock the Notifications