মহেশতলা উপনির্বাচনে সম্ভাব্য তৃণমূল প্রার্থীর নাম জানেন! পঞ্চায়েতের মাঝেই জল্পনা তুঙ্গে
মহেশতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রীর আর এক ভাইপো! তৃণমূল সূত্রে এই খবরের এখনই কোনও সত্যতা স্বীকার না করা হলেও, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।
অভিষেকের পর কি আকাশ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক ভাইপো এবার কি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন? তিনি এবার মহেশতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন! তৃণমূল সূত্রে এই খবরের এখনই কোনও সত্যতা স্বীকার না করা হলেও, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। মহেশতলায় কস্তুরী দাসের মৃত্যুতে ফাঁকা আসনে মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল।

পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে। জেলায় জেলায় শুরু হয়েছে পঞ্চায়েত ভোট প্রস্তুতি। পঞ্চায়েত নিয়ে নানা চাপান-উতোরের মাঝেই উঁকি দিয়ে উঠল মহেশতলা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী-জল্পনা। রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, খোদ যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এই প্রস্তাব রাখা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের কাছে। তাই আকাশের প্রার্থী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বৃহদংশ।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এখন আকাশের প্রার্থী হওয়া স্রেফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের অপেক্ষায়। মুখ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দিলেই আকাশ বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবেন পরিষদীয় রাজনীতিতে। অভিষেক যে শীঘ্র সক্রিয় রাজনীতিতে আসবেন, তার প্রমাণ পাওয়া যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। অভিষেকের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যাচ্ছিল।
তারপর সম্প্রতি মহেশতলা বিধানসভা এলাকায় তাঁকে বহু অনুষ্ঠানেই দেখা যাচ্ছে তাঁকে। তা থেকেই রাজনৈতিক মহলের ধারণা মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের শাশুড়ি কস্তুরী দাসের প্রয়াণে ফাঁকা হওয়া মহেশতলা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়াতে পারেন আকাশ। উল্লেখ্য, এই আকাশের বিরুদ্ধেই কর্তব্যরত পুলিশকর্মীকে চড় মারার অভিযোগ উঠেছিল। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি গ্রেফতারও হয়েছিলেন। তবে আকাশ এখন অনেক পরিণত। তাঁকে নিজে হাতে গড়ে নিচ্ছেন দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications