বস্তাবন্দি অচৈতন্য গৃহবধূ পড়ে রাস্তার ধারে, গলায় আঁটা বেল্ট, চাঞ্চল্য বাগনানে
বস্তাবন্দি অবস্থায় এক তরুণী গৃহবধূকে উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার বাগনানে। ওই তরুণীর গলায় বেল্ট বাঁধা ছিল। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
হাওড়া, ১৬ মার্চ : বস্তাবন্দি অবস্থায় এক তরুণী গৃহবধূকে উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার বাগনানে। ওই তরুণীর গলায় বেল্ট বাঁধা ছিল। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আক্রান্ত গৃহবধূর পরিবারের তিন মহিলা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে ওই গৃহবধূকে খুনের চেষ্টা তা জানতে তদন্ত শুরু করেছে বাগনান থানা পুলিশ।
এদিন সকালে স্থানীয়রাই বাগনানের নাজিরপাড়ায় রাস্তার ধারে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তাটি দেখে সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে লোক জড়ে হয়ে যায়। খবর দেওয়া হয় বাগনান থানায়। বাগনান থানার পুলিশ এসে বস্তার মুখ খুলে এক মহিলাকে দেখতে পায়। তখনও তাঁর শ্বাস চলছিল। গলায় বাঁধা ছিল বেল্ট। পুলিশের ধারণা, ওই বেল্ট বেঁধে মহিলার শ্বাসরোধ করা চেষ্টা করা হয়েছিল। মৃত্যু হয়েছে ভেবেই বস্তাবন্দি করে ফেলে যাওয়া হয় তাঁকে।

আশঙ্কাজনক অবস্থা গৃহবধূকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণেই তাঁকে খুনের চেষ্টা করা হয়। মহিলার তিন জাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।












Click it and Unblock the Notifications