বীরভূম যেন জতুগৃহ, ট্রাক ভর্তি বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য
ফের বিস্ফোরক উদ্ধার হয়েছে বীরভূম জেলায়। মঙ্গলবার নলহাটি থানার বাউটিয়ার কাছে একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অ্যামোনিয়া নাইট্রেট।
ফের বিস্ফোরক উদ্ধার হয়েছে বীরভূম জেলায়। মঙ্গলবার নলহাটি থানার বাউটিয়ার কাছে একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অ্যামোনিয়া নাইট্রেট। বীরভূম জেলার পুলিশ জানিয়েছে যে ওই ট্রাকের থেকে ১৬৯টি বস্তায় ওই বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এই ট্রাকের চালক সহ চার জনকে। ধৃত সন্তোষ মন্ডল, রামজেশ মন্ডল, তাপস বারুই ও অনুকুল কোনাইকে বুধবার রামপুরহাট আদালতে তোলা হবে।

ওই ট্রাকটি অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা হয়ে এই রাজ্যে আসে। কোথায়, কী উদ্দেশ্যে এত বিস্ফোরক দ্রব্য নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
ঝাড়খন্ড রাজ্য সীমান্তে নলহাটি থানা এলাকায় রয়েছে অনেক গুলো পাথর খাদান। এই রকম অনেক গুলো পাথর খাদান আছে মুরারই, রামপুরহাট, মহম্মদ বাজার থানার এলাকাতেও। এই সব বিস্ফোরক ওই সব খাদানে ব্যবহার করা হয়। তবে এই বিস্ফোরক দ্রব্য আনার পিছনে অন্য কোনো কারণ আছে কী না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দিন কয়েক আগে মুরারই থানার রাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জিলেটিন স্টিক সহ প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছিল পুলিশ। এর আগেও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিলেটিন স্টিক, অ্যামোনিয়া নাইট্রেট, সহ প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি জেলার মাড়গ্রাম,নানুর, সদাইপুর, রামপুরহাট থানার বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার করা হয়। রাজ্যের বেশ কিছু এলাকা থেকে যে জেএমবি সদস্যেদের গ্রেফতার করা হয়েছে তাদের কার্যকলাপ ছিল বীরভূম ও বীরভূম জেলার লাগোয়া মুর্শিদাবাদ ও মালদা জেলায়। যে সব বিস্ফোরক দ্রব্য ট্রাকে করে আনা হচ্ছিল তার সাথে ওই সব সন্ত্রাসবাদী সংগঠনের কোন যোগাযোগ আছে কী না তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications