ফেব্রুয়ারির শুরুতেই হালকা ঠান্ডার ছোঁয়া! কমতে শুরু করেছে তাপমাত্রা, তবে কী আর কনকনে শীতের সম্ভাবনা নেই?
ফেব্রুয়ারির শুরুতেই কলকাতা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। সকালে এবং সন্ধ্যার সময় হালকা ঠান্ডার অনুভূতি টের পাওয়া গেলেও, আবহাওয়া দফতর জানাচ্ছে যে আপাতত বড় কোনও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, তাপমাত্রা সামান্য কমলেও আর কনকনে ঠান্ডা ফেরার কোনওরকম ইঙ্গিত নেই। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। শনিবার সেই তাপমাত্রা নেমে গিয়ে হয়েছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে সামান্য কম।
আজ ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনের বেলায় কলকাতার আকাশ অনেকটা পরিষ্কারই থাকবে। পুরো দক্ষিণবঙ্গ জুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব আবার কিছুটা বেশি। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। যদিও স্বস্তির খবর এটাই যে, আগামী অন্তত সাত দিন উত্তর এবং দক্ষিণবঙ্গ দু'জায়গাতেই রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications