মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মিটিংয়ের মধ্যেই পিটিয়ে খুন তৃণমূল নেতা, গ্রেফতার ৩
মিটিংয়ের মধ্যেই নৃশংসভাবে পিটিয়ে খুন করা হল এক তৃণমূল নেতাকে। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর ২৪ পরগনার অশোকনগরে। মৃত নেতার নাম সুধীর দেবনাথ (৬২)।
উত্তর ২৪ পরগনা, ৬ এপ্রিল : মিটিংয়ের মধ্যেই নৃশংসভাবে পিটিয়ে খুন করা হল এক তৃণমূল নেতাকে। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর ২৪ পরগনার অশোকনগরে। মৃত নেতার নাম সুধীর দেবনাথ (৬২)। অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মিটিং চলাকালীন আচমকাই তাঁর উপর চড়াও হন প্রতিবেশী দুইজন। তাঁকে মাটিতে ফেলে পেটানো হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাঁকে।

এলাকায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অভ্যন্তরীণ গন্ডগোল মেটাতে মীমাংসায় গিয়েছিলেন সুধীরবাবু। বুধবার সন্ধ্যায় তাঁরই গোলাবাজারের বাডিতে মিটিং বসে। সেই মিটিং চলাকালীন সুধীরবাবুর প্রতিবেশী প্রেমাংশু ও হিমাংশু চক্রবর্তী চড়াও হন তাঁর উপর। মাটিতে পড়ে যান প্রৌঢ় তৃণমূল নেতা। এরপর তাঁর উপর চলে বেধড়ক প্রহার।
স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা সম্পর্কে দুই ভাই। ঘটনার পর থেকেই তারা বেপাত্তা হয়ে যান। যদিও রাতে তল্লাশিতে নেমে এই ঘটনায় হিমাংশু, প্রেমংশু-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।












Click it and Unblock the Notifications