মন্দির থেকে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ দুই মত্ত যুবকের, চাঞ্চল্য চন্দ্রকোনায়
তিন বোন মিলে মন্দিরে গিয়েছিল পুজো দিতে। মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে এক বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল দুষ্কৃতীরা।
পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর : তিন বোন মিলে মন্দিরে গিয়েছিল পুজো দিতে। মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে এক বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল দুষ্কৃতীরা। নাবালিকা মেয়েকে এক পরিত্যক্ত জায়গা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন বাবা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বুধবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। থানায় অভিযোগ জানানো হলেও এখনও অধরা অভিযুক্তরা।
গতকাল সন্ধ্যায় বাড়ির কাছেই স্থানীয় শিবমন্দিরে পুজো দিতে গিয়েছিল তিন বোন। তখনই দুই মত্ত যুবক তাদের উপর চড়াও হয়। রাজা সিং ও মন্টু দাস নামে প্রতিবেশী দুই যুবক ছোট বোনকে জোর করে দুই দিদির সামনে থেকে তুলে নিয়ে যায়। কোনওরকমে বড় দু'বোন পালিয়ে সমস্ত কিছু জানায় তাদের বাবাকে। বাবা তড়িঘড়ি স্থানীয় লোকজনদের নিয়ে ছোট মেয়ের সন্ধানে বের হন। খবর দেওয়া হয় পুলিশকে।

এরপর স্থানীয় একটি পরিত্যক্ত জায়গা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকা মেয়েটিকে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নাবালিকাকে। থানায় অভিযোগ জানানো হয়েছে গত রাতেই। এখনও পর্যন্ত দুই অভিযুক্ত পলাতক।












Click it and Unblock the Notifications