১৫০০ টাকার জন্য কান কাটা গেল পাওনাদারের! পাওনা চাইতেই জুটল অস্ত্রের কোপ
বছর খানেক আগের বকেয়া নিয়ে গন্ডগোল। তার খেসারত দিতে হল পাওনাদারকে। বাইক সারানোর পাওনা ১৫০০ টাকা চাইতে গিয়ে কানই কাটা গেল যুবকের।
বছর খানেক আগের বকেয়া নিয়ে গন্ডগোল। তার খেসারত দিতে হল পাওনাদারকে। বাইক সারানোর পাওনা ১৫০০ টাকা চাইতে গিয়ে কানই কাটা গেল যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল মালদহের বৈষ্ণবনগরে। আহত যুবক সুজন সিং গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পেশায় মোটরবাইক মিস্ত্রি সুজন। স্থানীয় এক যুবক লিটন সিংয়ের মোটরবাইক খারাপ হয়ে যেতে, তা সারিয়ে দিয়েছিলেন তিনি। মোটরবাইক সারানোর খরচ ১৫০০ টাকা বকেয়া ছিল। বারবার চেয়েও সেই টাকা দেয়নি লিটন। এক বছর পর টাকা চাইতে গিয়েই ফের বেধে গেল বিপত্তি।
বুধবার বকেয়া টাকা নিয়ে বচসা বাধে দুজনের। তখনকার মতো স্থানীয়দের মধ্যস্থতায় গন্ডগোল মিটে যায়। কিন্তু এরপর বৃহস্পতিবার রাতে সুজনের বাড়িতে চড়াও হয় লিটন। অভিযোগ, দলবল নিয়ে চড়াও হয়ে ধারালো অস্ত্রের কোপ বসায় সুজনের কানের গোড়ায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। তবে কান কাটা যায় তাঁর।
এরপর সুজনের আর্ত চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় লিটনের দলবল। রক্তাক্ত সুজনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। সুজনের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications