এক লাফে ৬০ টাকা বৃদ্ধি! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম
রান্নার গ্যাসের দামে বড়সড় ধাক্কা খেল সাধারণ মানুষ। নতুন করে মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে তেল বিপণন সংস্থাগুলি। আগামীকাল, ৭ মার্চ থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ৯৩৯ টাকা। অর্থাৎ এক ধাক্কায় প্রতি সিলিন্ডারে ৬০ টাকা পর্যন্ত দাম বাড়ল।
শুধু ঘরোয়া গ্যাসই নয়, বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। ফলে সংশোধিত দামে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১৯৯৯ টাকা। এই সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়।

গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম। বছরের শুরুতেই অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ এ বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছিল ১১১ টাকা। এরপর ১ ফেব্রুয়ারিতেও বাড়ানো হয় আরও ৪৯ টাকা। ১ মার্চ সংশোধিত দামে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়ায় ১৮৭৫ টাকা ৫০ পয়সা। এবার সেই দাম বেড়ে পৌঁছাল প্রায় ২০০০ টাকার দোরগোড়ায়।
এতদিন পর্যন্ত স্বস্তির খবর ছিল, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। কিন্তু সেই স্বস্তিও আর রইল না। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এবার পড়ল ঘরোয়া গ্যাসের বাজারেও। আগে যে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার পাওয়া যেত ৮৭৯ টাকায়, এখন তার দাম বেড়ে দাঁড়াল ৯৩৯ টাকা।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার উপরই অনেকাংশে নির্ভর করে পেট্রোলিয়াম পণ্যের দাম। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশেষ করে আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা আন্তর্জাতিক তেল বাজারে প্রভাব ফেলতে পারে। তার জেরেই ভবিষ্যতে পেট্রোল, ডিজেল কিংবা গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
ফলে নতুন করে এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের খরচের বোঝা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications