ঠাকুমার ‘বন্ধু’র বন্দুক থেকে ছুটল গুলি, নদিয়ায় মৃত্যু গুলিবিদ্ধ চার বছরের নাতনির
মাথায় গুলি লেগে মৃত্যু হল চার বছরের শিশু কন্যার। নদিয়ার হাঁসখালিতে মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত শিশুর নাম ঈশিতা পোদ্দার।
মাথায় গুলি লেগে মৃত্যু হল চার বছরের শিশু কন্যার। নদিয়ার হাঁসখালিতে মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত শিশুর নাম ঈশিতা পোদ্দার। এই ঘটনায় প্রতিবেশী যতীন রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, যতীনের কাছে থাকা বন্দুকের গুলিতেই এই মৃত্যু। অসাবধানবশতঃ ট্রিগারে হাত পড়েই এই ঘটনা ঘটেছে। তবে তার কাছ কী করে বন্দুক এল, তা নিয়েই তদন্ত চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার রাতে ঈশিতার ঠাকুমা চারুবালা পোদ্দারের সঙ্গে দেখা করতে এসেছিল যতীন। সেইসময় চারুবালার কাছেই ছিল চার বছরের নাতনি ঈশিতা। হঠাৎই যতীনের পকেটে থানা বন্দুক মাটিতে পড়ে যায়। সেইসময় ট্রিগারে হাত পড়ে গুলি ছুটে যায় ঈশিতার দিকে। ঈশিতার মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ঈশিতা।
এরপরই গুলিবিদ্ধ ঈশিতাকে নিয়ে বগুলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান ঈশিতার বাবা-মা। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পুলিশ ঈশিতার দেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, চারুবালার সঙ্গে যতীনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার ফলে প্রায়ই যতীন দেখা করতে আসত চারুবালার বাড়িতে। কিন্তু যতীনের কাছে কী করে রিভলভার এল তা নিয়ে ধন্দে পুলিশ। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে যতীন চারুবালার বাড়িতে এসেছিল কি না, এই খুন পরিকল্পিত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications