মনোনয়নের প্রথম দিনেই রক্ত ঝরল, মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কংগ্রেস কর্মীর
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই রক্ত ঝরল। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের রতনপুরের নলদীপ গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলচাঁদ শেখ।

নিহত ফুলচাঁদ শেখ এলাকার কংগ্রেস কর্মী হিসেবের পরিচিত ছিলেন। দিন ১০ আগে তিনি বাড়ি এসেছেন। তিনি কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। এরই মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তিনি যখন তাস খেলছিলেন গ্রামে, তখনই তাঁর উপর অতর্কিতে হামলা চালানো হয়।
এদিন ফুলচাঁদ শেখকে লক্ষ্য করে তাসের আসরে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। এই ঘটনার ফলে বেশ কয়েকজন আহতও হয়েছে। কারা এই হামলা চালানো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফুলচাঁদ গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ খতিয়ে দেখছে এই খুনের নেপথ্যে কে বা কারা ছিলেন। এটা কোনো রাজনৈতিক খুন নাকি, এর পিছনে কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ প্রত্যক্ষদর্শীদের জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে আততায়ীরা কোন দিক থেকে এসেছিল, তারা এলাকারই কেউ নাকি বহিরাগত।
ফুলচাঁদ ছাড়াও এই হামলার ঘটনায় আহত হন সয়লাভ শেখ। ফুলচাও ও সয়লাভ উভয়কেই কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।ফুলচাঁদ শেখকে মৃত বলে ঘোষণা করা হয়, সয়লাভ শেখ কান্দি হাসপাতালে ভর্তি। এই ঘটনায় আহত অন্যান্যরাও কংগ্রেসকর্মী বলে স্থানীয়সূত্রে জানা গিয়েছে।
অধীর চৌধুরী বলেন, আজই কলকাতায় বলেছি শান্তিপূর্ণ নির্বাচন এরা করাতে পারবে না। সন্ধ্যাতেই আমাদের দলের কর্মীকে খুন করল তৃণমূল। কিন্তু এই খুনের রাজনীতি করে আপনি পার পাবেন না দিদি। এক কংগ্রেসকর্মীকে খুন করে বাংলার মুখ্যমন্ত্রী যদি মনে করেন, আপনি বাংলাতে ক্ষমতা বজায় রাখতে পারবেন, তাহলে ভুল করছেন।












Click it and Unblock the Notifications