খোলা হাইড্রেনে ডুবল দেড় বছরের শিশু! পুরসভার ভ্রুক্ষেপহীনতায় মর্মান্তিক পরিণতি
১২ ফুট গভীর ড্রেন দীর্ঘদিন উন্মুক্ত অবস্থায় পড়েছিল। তারই জেরে এদিন মর্মান্তিক পরিণতি হল ওই শিশুর।
হাইড্রেনে পড়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। শনিবার তারাতলার গড়গাছা বস্তি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অভিযোগ, ১২ ফুট গভীর ড্রেন দীর্ঘদিন উন্মুক্ত অবস্থায় পড়েছিল। তারই জেরে এদিন মর্মান্তিক পরিণতি হল এক শিশুর। অভিযোগ, বারবার কাউন্সিলরের কাছে দরবার করেও কোনও সমাধান সূত্র মেলেনি।

শনিবার সকাল দশটা। হাইড্রেনের ধারেই খেলছিল আলিয়াতুলিয়া নামে শিশুকন্যাটি। হঠাৎই শিশুটি পড়ে যায় ড্রেনে। কেউই লক্ষ্য করেননি। প্রায় আধঘণ্টা পড়ে থাকার পর শিশুর দেহটি ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকাটি ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে পড়ে। দীর্ঘ ১০ বছর উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই উন্মুক্ত ড্রেনে এর আগেও ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে মর্মান্তিক পরিণতি এড়ানো সম্ভব হয়েছে কেউ না কেউ উপস্থিত থাকায়। এবার সবার অলক্ষ্যে এই ঘটনা ঘটায় শিশুটিকে বাঁচানো সম্ভব হল না।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান ও ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামপেয়ারি রামের কাছে একাধিকবার দরবার করা হয়েছিল ড্রেনটি ঢাকা দেওয়ার আর্জি নিয়ে। কিন্তু আশ্বাসই সার। কেউই কিছু করেননি। শিশুটির মৃত্যুর পর এখন ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা।












Click it and Unblock the Notifications