দিদিকে খুন করে অ্যাসিড দিয়ে দেহ পোড়ালো ভাই, কেন এই নৃশংসতা
বেশ কিছুদিন ধরেই দিদির উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। চলছিল মারধরও। তারপর কেড়ে নেওয়া হল জীবনটাই।
বিষয় নয়, বিষ। শুধু সম্পত্তি হাতানোর জন্য দিদিকে নৃশংসভাবে খুন করল ভাই। খুন করার পর অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হল দেহ। চাঞ্চল্যকর এই ঘটনা বর্ধমানের কালনায়। ঘটনায় হাতেনাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন 'খুনি' ভাই। তাকে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম শান্তি দাস। তাঁকে দু-দিন আগেই খুন করা হয়। তারপর আত্মহত্যা বলে চালাতে চাইছিল ভাই বিকাশ দাস। কিন্তু বাড়ির ভিতরে পোড়া দাগ দেখেই সন্দেহ হয়। ক্রমশ প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসে। বিকাশকে জিজ্ঞাসাবাদ করতেই সবকিছু বেরিয়ে পড়ে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

প্রতিবেশীদেরও অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সম্পত্তি হাতানোর জন্য দিদির উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। চলছিল শারীরিক অত্যাচার। এরপর অভিযুক্ত ভাই দিদিকে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার পরই দিদিকে খুনের পরিকল্পনা কষে।
অভিযোগ, শ্বাসরোধ করে নিজের দিদিকে খুন করে সে। তারপর তাঁর শরীর অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। মৃত্যু নিশ্চিত করতে এবং প্রমাণ লোপাট করতেই এই ঘটনা ঘটানো হয়েছিল। অভিযুক্ত ভাই এই নৃশংসতার পর পালানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত।
এরপর অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করা হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। অভিযুক্ত ভাইকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications