রেললাইনই ‘উধাও’! মালদহ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হাটেবাজারে এক্সপ্রেসের
সকাল কাজে যোগ দিয়েই গ্যাং-ম্যানরা লক্ষ্য করেন সামসী রেলগেটের কাছে আপ লাইনে বড়সড় ফাটল। এদিকে ওই লাইনে হাটেবাজারে এক্সপ্রেস আসার সময় হয়ে যায়।
গ্যাং-ম্যানদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাটেবাজারে এক্সপ্রেস। রবিবার সাতসকালে মালদহের সামসীতে রেলগেটের কাছে রেল লাইনে ফাটল দেখতে পাওয়া যায়। গ্যাংম্যানদের তা লক্ষ্য পড়তেই শিয়ালদহ থেকে কাটিহারগামী হাটেবাজারে এক্সপ্রেসকে আগেই থামিয়ে দেওয়া হয়। রেললাইনে ফাটলের জেরে আটকে পড়ে পদাতিক এক্সপ্রেসও।
এদিন সকাল কাজে যোগ দিয়েই গ্যাং-ম্যানরা লক্ষ্য করেন সামসী রেলগেটের কাছে আপ লাইনে বড়সড় ফাটল। এদিকে ওই লাইনে হাটেবাজারে এক্সপ্রেস আসার সময় হয়ে যায়। তাই কালবিলম্ব না করে আগেই ট্রেনটিকে থামিয়ে দেওয়ার জন্য স্টেশন মাস্টারকে জানিয়ে দেওয়া হয়। সেইমতো কাটিহারগামী আপ হাটেবাজারে এক্সপ্রেসকে সামসী স্টেশনে থামিয়ে দেওয়া হয় আগেই। পিছনের পদাতিক এক্সপ্রেসকে থামানো হয় কুমারগঞ্জ স্টেশনে।

রেললাইনে এই ফাটল মেরামত না হওয়া পর্যন্ত আটকে পড়ে হাটেবাজারে, পদাতিক এক্সপ্রেস-সহ অন্যান্য লোকাল ট্রেনও। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতের পর সকাল ন-টা নাগাদ ফের শুরু হয় ট্রেন চলাচল। দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি এরপরই গন্তব্যে রওনা দেয়। স্বাভাবিক হয় লোকাল ট্রেন পরিষেবাও।
এদিকে রেলের তরফে তদন্ত শুরু করা হয়েছে। কেন এই ফাটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে জায়গায় ট্রেন ট্র্যাক পরিবর্তন করে, সেই জায়গাতেই ফাটল ধরা পড়েছে। এটি রেলকর্মীদের গাফিলতি নাকি এর মধ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। তবে যেভাবে ওই জায়গায় প্রায় এক ফুট লাইন উধাও হয়ে গিয়েছে, তা উদ্বেগের। পারপার্শ্বিক পরিস্থিতি দেখে তদন্তকারীদের মনে হয়েছে, এই ঘটনার পিছনে নাশকতামূলক ষড়যন্ত্র থাকতে পারে।
স্টেশনমাস্টার মুকেশ কুমার জানান, গ্যাংম্যানদের তৎপরতাতেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন। উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন। ভাঙা লাইনের অংশটি ঘটনাস্থলে নেই, তাতেই সন্দেহ আরও দৃঢ় হয়েছে। রেলের সন্দেহ আবহাওয়াজনিত সমস্যার জন্য লাইনে ফাটলের ঘটনা নয় এটি, এটি অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications