Kolkata Metro: গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে মেট্রোয় চেপে হাওড়া যাবেন মোদী! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশ
Kolkata Metro: দেশের মধ্যে প্রথম কলকাতাতেই নদীর তলা দিয়ে মেট্রো চলবে! যুক্ত হবে কলকাতা এবং হাওড়া। গত কয়েকমাস আগেই হাওড়া ময়দান-ধর্মতলা মেট্রো স্টেশনের কাজ শেষ হয়েছে। কিন্তু কবে উদ্বোধন হবে তা নিয়ে জোর চর্চা। তবে যা খবর, আগামী ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ঐতিহাসিক এই মেট্রোর (Howrah Maidan Metro project) উদ্বোধন হবে বলে খবর।
এমনকি প্রধানমন্ত্রী নিজে গঙ্গার নীচ দিয়ে চলা মেট্রোয় (Kolkata Metro) সফর করবেন বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, আগামী ৬ মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। সেদিন একাধিক কর্মসুচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বারাসতে বেশ কিছু কর্মসূচি রয়েছে। দলীয় কর্মসূচি শেষে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সেই মতো দুপুরে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে (Kolkata Metro) পৌঁছবেন তিনি। নব-নির্মিত ধর্মতলা স্টেশনের উদ্বোধনের পাশাপাশি গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে ধর্মতলা স্টেশন থেকে হাওড়ায় যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। বাংলা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ৬ মার্চ যাবতীয় প্রস্তুতি সেরে রাখার কথা প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে।
সেই মতো মেট্রো আধিকারিকরা হাওড়া, হাওড়া ময়দান সহ ইস্ট-ওয়েস্ট রুটের সমস্ত স্টেশন পরিদর্শন শুরু করে দিয়েছেন। প্রকাশিত খবর অনুযায়ী, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অর্থাৎ গঙ্গার নীচ দিয়ে মেট্রো (Kolkata Metro) চালানোর ক্ষেত্রে কমিশনার অব রেলওয়ে সেফটি'র ছাড়পত্র চলে এসেছে। আর এরপরেই উদ্বোধনের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর।
অন্যদিকে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) মেট্রো (Kolkata Metro) তৈরি হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে। মেট্রো চালানোর ছাড়পত্রও পাওয়া গিয়েছে। আগামী ৬ মার্চ এই রুটেও উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন বলে খবর। পাশাপাশি তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মাত্র একটি স্টেশনের সম্প্রসারিত অংশে মেট্রো চালানোর সবুজ সঙ্কেত মিলেছে।
প্রধানমন্ত্রীর হাত ধরে সেই অংশেও যাত্রী পরিষেবা শুরু হতে পারে বলে খবর। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামীদিনে ভোটের প্রচারে বিষয়টিকে বঙ্গ বিজেপি কাজে লাগাতে পারে বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও এই প্রকল্প মমতা বন্দ্যোপাধায়ের জন্যই বাস্তব হছে বলে দাবি শাসকদলের।












Click it and Unblock the Notifications