রানাঘাটে সিস্টার গণধর্ষণ কাণ্ড : গ্রেপ্তার ৮, সংবাদমাধ্যমের সাহায্য চাইল প্রশাসন
কলকাতা, ১৫ মার্চ : রানাঘাট গণধর্ষণ কাণ্ডে তদন্তে নেমে ৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
এমনিতে এই ঘটনায় সূত্র খুঁজে পেতে নাকাল অবস্থা হয়েছে পুলিশের। দুষ্কৃতীদের খোঁজ পেতে সংবাদমাধ্যমের সাহায্যও চেয়েছে পুলিশ। সেই রাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও দুষ্কৃতীদের ছবি সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়েছে। দোষীদের খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে।

কনভেন্ট অব জিসাস অ্যান্ড মেরি স্কুলের সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতীদের কার্যকলাপ দেখে হতবাক গোয়েন্দা আধিকারিকরা। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, রাত দেড়টা থেকে টানা তিন-সাড়ে তিন ঘণ্টা ধরে অবাধে স্কুলের ভিতরে দাপিয়ে বেড়িয়েছে দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দাদের ধারণা, ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন স্কুলের পাঁচিল টপকেই শুক্রবার রাতে স্কুলে ঢোকে দুষ্কৃতীদের দলটি। ওই পথেই তারা বেরিয়েও যায়।
রাতে স্কুলের বাইরে জাতীয় সড়কের ওপর প্রতিদিনই পুলিশি টহল থাকে। তাহলে টহলরত পুলিস কর্মীরা কেন শুক্রবার রাতে স্কুলের ভিতর কোনও ঘটনা টের পেল না তা নিয়ে অস্বস্তিতে পুলিশ। ফলে সবদিক বাঁচাতে দুষ্কৃতীদের ধরতে শেষে সংবাদমাধ্যমের সাহায্য চেয়েছেন জেলা পুলিশ আধিকারিকরা।
কয়েকমাস আগে স্কুলের প্রিন্সিপালের দায়িত্বে আসেন সিস্টার মেরি পল। তিনি নানা বিষয়ে বেশ কিছু কড়া পদক্ষেপ নেন। এর মধ্যে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে স্কুলে সিসিটিভি বসে। স্কুলের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বপন বলে এক কর্মীকে সরানো হয়। শুক্রবার রাতের ঘটনায়, তার কোনও ভূমিকা রয়েছে কিনা, তদন্তের খাতিরে তা খতিয়ে দেখছে পুলিশ।
রানাঘাটের একটি কনভেন্ট স্কুলে শুক্রবার রাতে পাঁচিল টপকে ঢুকে শুধু লুঠ চালানোর পাশাপাশি, স্কুলের সত্তরোর্ধ্ব সিস্টারকে ধর্ষণ করে দুষ্কৃতীরা।
অভিযোগ, শুক্রবার রাতে পাঁচিল টপকে স্কুলে ঢোকে জনা সাতেকের ডাকাত দলটি। স্কুলে ঢোকার পরে একমাত্র নৈশরক্ষীকে মারধর করে বেঁধে ফেলে তারা। তারপর ঢুকে পড়ে প্রশাসনিক ভবনে। সেখানে আলমারি ভেঙে তারা নগদ প্রায় ১২ লক্ষ টাকা, ড্রয়ারে থাকা ল্যাপটপ, ক্যামেরা লুঠ করে। এরপর সন্ন্যাসিনীদের আবাসনে ঢুকে রান্নাঘরের দরজা ভেঙে দুষ্কৃতীরা দোতলায় উঠতেই ঘুম ভেঙে যায় সন্ন্যাসিনীদের। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা চুয়াত্তর বছরের সিস্টারকে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর ভোর ৫টা নাগাদ দুষ্কৃতীরা মূল গেটের বাইরে তালা দিয়ে পালিয়ে যায়।












Click it and Unblock the Notifications