আরও পাঁচ রাজ্যবাসী আক্রান্ত ওমিক্রনে, সংখ্যা বাড়ল ১৬, পরিস্থিতি নিয়ে বৈঠক পুরসভায়
আরও পাঁচ রাজ্যবাসী আক্রান্ত ওমিক্রনে, সংখ্যা বাড়ল ১৬, পরিস্থিতি নিয়ে বৈঠক পুরসভায়
ওমিক্রন আতঙ্ক ক্রমশঃ বেড়ে চলেছে। দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই নতুন এই ভ্যারিয়েন্ট থাবা বসাতে শুরু করে দিয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে এবার এ রাজ্যের আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বাংলায় ওমিক্রনের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে দেখে আতঙ্কে রয়েছেন রাজ্যবাসীও।

জানা গিয়েছে, সম্প্রতি বিদেশ ফেরত সহ মোট ৬ জনের নমুনা পাঠানো হয়েছিল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। বৃহস্পতিবার রাতে রিপোর্ট হাতে আসে স্বাস্থ্যদপ্তরের। জানা যায়, ওই ছ’জনের মধ্যে পাঁচজনই ওমিক্রন পজিটিভ। এই পাঁচজনের মধ্যে রয়েছে আবার এক শিশুও। পাঁচবছরের ওই শিশুটি কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা। বর্তমানে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভরতি সে। তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে আক্রান্তদের উপসর্গ মৃদু তাই ভয় পাওয়ার কারণ নেই।
তবে ওমিক্রন যেভাবে ছড়িয়ে পড়ছে এবং বিদেশে যাওয়ার কোনও পূর্ব অভিজ্ঞতা ছাড়াই মানুষ যেভাবে সংক্রমিত হচ্ছে তাতে বিশেষজ্ঞরা মনে করছে যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। দেশে ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়েছে। দিল্লি ও মুম্বই এগিয়ে রয়েছে তালিকায়। এর পাশাপাশি বাংলাতেও ওমিক্রন বাড়তে দেখা দিয়েছে। বৃহস্পতিবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিদেশ থেকে বিমান ওঠানামার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। এরই মাঝে রয়েছে রাজ্যে পুরসভা নির্বাচন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেই কারণে রাজ্যের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। কনটেনমেন্ট জোন নিয়ে আজই বৈঠক হবে কলকাতা পুরসভায়।
সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণার দল জানিয়েছে যে চলতি সপ্তাহেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে পারে এবং করোনার নতুন ওয়েভ শুরু হলেও সেই পর্যায় খুব স্বল্প দিনের জন্য থাকবে। এই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ই পূর্বাভাস দিয়েছিল দ্বিতীয় করোনা ওয়েভের, যা একেবারে সঠিক ছিল। ইতিমধ্যেই একাধিক রাজ্যে বর্ষবরণের উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, নৈশ কার্ফু শুরু হয়ে গিয়েছে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন যে মাস্ক পরে সর্বদা থাকুন এবং সামাজিক দুরত্ব বজায় রাখুন।












Click it and Unblock the Notifications