দু'মাসে অ্যাডিনোভাইরাসে রাজ্যে ৪৫ শিশুর মৃত্যু! তথ্য লুকানোর অভিযোগ বিরোধীদের
রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। নেই বেড। আর এর মধ্যেই বিপদ বাড়াচ্ছে বিভিন্ন জেলা থেকে পাঠানো হচ্ছে শিশুদের। রেফার নিয়ে কড়া বার্তা দিলেও কাজ হয়নি।
Adenovirus in West Bengal: রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। এই অবস্থায় পরিস্থিতি সামলাতে কার্যত দফায় দফায় বৈঠক করছেন স্বাস্থ্য আধিকারিকরা। এমনকি শিশু বিশেষজ্ঞদের কাছ থেকেই এই বিষয়ে পরামর্শ নিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা। অন্যদিকে ইতিমধ্যে রাজ্যের তরফে অ্যাডভাইজারি জারি করা হয়েছে।
যেখানে ১০ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা এবং শহরের সরকারি এবং অন্যান্য হাসপাতালগুলিতে।

২৪ ঘন্টায় একাধিক শিশুর মৃত্যু
কিন্তু এরপরেও থামানো যাচ্ছে না অ্যাডিনোভাইরাসের দাপট। গত ২৪ ঘন্টায় একাধিক শিশুর মৃত্যু। জানা যাচ্ছে, বিসি রায় হাসপাতালে একই দিন তিনটি শিশুর মৃত্যু হয়েছে। সর্দি এবং কাশি নিয়ে তিনটি শিশুই হাসপাতালে ভর্তি হয়েছিল বলে খবর। এমনকি শ্বাসকষ্ট ছিল বলেও খবর। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বাঁকুড়াতেও। এমনকি গত ২৪ ঘন্টায় কলকাতার আরও একটি সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর খবর সামনে এসেছে। আর একই দিনে এতগুলি শিশুমৃত্যুর ঘটনায় রীতিমত আতঙ্ক এবং উদ্বেগ দুটোই বাড়ছে। তবে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ১ মার্চ পর্যন্ত কলকাতা এবং বর্ধমানে ৪২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পথে নেমেছেন স্বাস্থ্যসচিব।
এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছেন স্বাস্থ্যসচিব। বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এই অবস্থায় মঙ্গলবার উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের অ্যাডিনোভাইরাসে সামগ্রিক পরিস্থিতি তাঁকে জানানো হয়। দীর্ঘ আলোচনায় একাধিক পদক্ষেপের কথা বলা হয়। এমনকি জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম খোলার নির্দেশও দেওয়া হয়েছে। সেই মতো ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে ইতিমধ্যে।

চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে
অন্যদিকে বাঁকুড়ায় দুই শিশুর মৃত্যুর খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা। গত ২৫ ফেব্রুয়ারী বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বাঁকুড়া সদর মহকুমা এলাকার ১ ও ৫ মাস বয়সী ঐ দুই শিশুর মৃত্যুর পরপরই আপাতত চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দফতর। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুপার ডাঃ সপ্তর্ষী চট্টোপাধ্যায় জানান, ইতিমকধ্যে হাসপাতালে এ.আর.আই ক্লিনিক খোলা হয়েছে। ২৪ ঘন্টা চিকিৎসকরা থাকছেন সেখানে।

ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে
অন্যদিকে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ গোটা রাজ্য সহ কলকাতাতে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই রাজ্য সরকার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনই অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। তাঁর দাবি, কোনও জরুরিকালিন কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এমনকি পরিষেবার মান নিয়েও প্রশ্ন কংগ্রেস সাংসদের।












Click it and Unblock the Notifications