মুর্শিদাবাদে কি নির্মূল হচ্ছে কংগ্রেস, ২১-র সভায় মহাপট পরিবর্তন, দাবি সূত্রের
২১ জুলাইয়ের মঞ্চে অধীর গড়কে ধূলিসাৎ করে তৃণমূলে যোগ দিতে চলেছেন ৪ কংগ্রেস বিধায়ক। তৃণমূল ও কংগ্রেস সূত্রে এমনটাই খবর ।
ফের বড়সড় ধাক্কা খেতে চলেছে অধীর দুর্গ। ২১ জুলাইয়ের মঞ্চেই অধীর ঘনিষ্ঠ চারজন বিধায়ক হাজির থাকবেন বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যে মহকুমা সভাপতি পদে ইস্তফা দিয়েছেন কংগ্রেসের এক বিধায়ক। ফলে যত দিন যাচ্ছে আরও বাড়ছে জল্পনা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নিজেও এমনই ইঙ্গিত দিয়েছেন। [আরও পড়ুন:'একুশে জুলাই'-এর পিছনে গভীর ষড়যন্ত্র! শহিদ দিবসের আগে মণীশ-বাণে উত্তাল রাজ্য-রাজনীতি ]

যে চারজন বিধায়কের নাম উঠে আসছে তাঁদের মধ্যে রয়েছেন জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান, মুর্শিদাবাদের বিধায়ক শাওনি সিংহ রায়, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত ও কান্দির বিধায়ক অপূর্ব সরকার। তবে এই চারজনের কেউই এই জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। কিন্তু তৃণমূল সূত্রে জানা গেছে, দলবদলের সিদ্ধান্ত একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। এবং এই দলবদল হচ্ছে মানস ভুঁইয়ারই নেতৃত্বে।
মুর্শিদাবাদে কংগ্রেসকে একের পর এক ধাক্কা দিচ্ছে শাসকদল। ২৫০টির মধ্যে প্রায় ২০০টি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই তৃণমূলের দখলে। ২৬টির মধ্যে ১৫টি পঞ্চায়েত সমিতিও তাদের দখলে রয়েছে। ৮টি পুরসভার মাত্র একটি নিজেদের হাতে রাখতে পেরেছে কংগ্রেস। সেখানেও রয়েছে আইনি জটিলতা। জেলা পরিষদ দখলের পর এবার পাঁচ স্থায়ী সমিতিও দখল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে রেজিনগরের কংগ্রেস বিধায়ক দল বদল করে তৃণমূলে নাম লিখিয়েছেন। এবার আরও চার বিধায়ক তৃণমূলের দিকে পা বাড়াতে চলেছেন।
তৃণমূলের তরফে আরও দাবি করা হয়েছে, কংগ্রেস থেকে দলে আসতে চেয়েছেন বড়ঞার বিধায়ক প্রতিমা রজকও। শাওনি সিংহ রায় ডোমকলের মহকুমা সভাপতি পদ থেকে ইস্তফা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মান্নান হোসেন জানিয়েছেন, অন্তত জনা চারেক বিধায়ক ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাঁরা কংগ্রেস ছাড়লে মুর্শিদাবাদে কংগ্রেসের অস্তিত্ব তলানিতে এসে ঠেকবে।












Click it and Unblock the Notifications