খড়্গপুরে ব্যাঙ্কের প্রায় দেড় কোটি টাকা লুঠ, গ্রেফতার তিন অভিযুক্ত
ব্যাঙ্কের এটিএমে টাকা না ভরে সেই টাকা আত্মসাৎ করে তিন যুবক। তদন্ত শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এলাকার পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করেছে।
ব্যাঙ্কের এটিএমে টাকা না ভরে সেই টাকা আত্মসাৎ করে তিন যুবক। তদন্ত শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এলাকার পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করেছে। তারা প্রায় এক কোটি ৪০ লক্ষ টাকা জমা করেনি। সেই টাকার মধ্যে এক কোটি ২৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার। যে টাকা পাওয়া যায়নি তার খোঁজ চলছে এবং এই টাকা আত্মসাৎ করার ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে ধৃত এই তিন জনের নাম অজয় সিং, সুভাষ মাইতি ও সোমনাথ চট্টোপাধ্যায়। লজিক্যাশ নামে একটি সংস্থা খড়গপুর এলাকার বিভিন্ন ব্যাংকের এটিএমে টাকা ভরে। তাদের সংস্থায় কাজ করে এই তিন জন। গত ৮ তারিখ তারা ২ কোটি ১০ লক্ষ টাকা নিয়ে বের হয় বিভিন্ন এটিএমে ভরার জন্য। তার মধ্যে মাত্র ৭০ লক্ষ টাকা জমা করে তারা। বাকী টাকা নিয়ে পালিয়ে যায়।
ব্যাঙ্ক থেকে খবর পায় ওই সংস্থার আধিকারিক যে টাকা জমা পড়েনি। এই নিয়ে ১২ তারিখ থানায় অভিযোগ জানায় ওই সংস্থা। তার পর তদন্ত শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। এদের এক জন নেপাল পালায়। তার মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে ধরে পুলিশ। তাকে জেরা করে বাকি দুজনের খোঁজ পাওয়া যায়।












Click it and Unblock the Notifications