BJP Bandh: বাংলা বনধে উত্তেজনা, রেল অবরোধ, আটক উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক
বিজেপির বনধে সকাল থেকেই উত্তেজনা রাজ্যে। কলকাতা শহর থেকে উত্তরবঙ্গ সর্বত্র রাস্তায় নেমে বনধের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই কোচবিহারের দুই বিধায়ককে আটক করেছে পুলিশ।
কলকাতা সহ জেলায় জেলায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। সাত সকালে কলকাতায় বনধের সমর্থনে রাস্তায় নামেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের গেট। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেত্রী। ভবানীপুরে যদুবাবুর বাজারে পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

সকালে লক্ষ্মীকান্তপুর লোকালে ওভারহেডের তারে কলাপাতা ফেলে দেওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। তার জেরে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। ফলে সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। একই ভাবে হাওড়া মেইন লাইনেও ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তার জেরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
হুগলি স্টেশনে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তার জেরে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল। বনগাঁ লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। লাইনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে মুর্শিদাবাদ এবং পুরুলিয়াতেও বিজেপি কর্মীরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।
বনধের শুরুতেই উত্তরঙ্গে উত্তেজনা ছড়িয়েছে। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। বনধের সমর্থনে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোয় কোচবিহারের দুই বিধায়ককে আটক করেছে পুলিশ। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দেকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications