হাওড়া স্টেশনে জন শতাব্দী এক্সপ্রেসে যাত্রীর ব্যাগ খুলতেই অবাক RPF! কোন দেশের মুদ্রা নেই...উদ্ধার ২.৬ কোটি টাকা
Howrah Railway Station: হাওড়া স্টেশনে টাকার পাহাড়! কোটি কোটি টাকার বিদেশি মুদ্রা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল আরপিএফের (RPF) ক্রাইম ইন্টেলিজেন্স শাখা। ধৃত ব্যক্তির নাম হেমন্ত কুমার পাণ্ডে বলে জানা যাচ্ছে। ধৃতের কাছ থেকে ডলার, সৌদি রিয়াল, সিঙ্গাপুর ডলার সহ আরও একাধিক দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য ২.৬ কোটি টাকা টাকা বলে খবর।
বিপুল এই টাকা ধৃত হেমন্ত কুমার কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে তাকে জেরা করা হচ্ছে। কোটি টাকার বিদেশি মুদ্রায় কোথায় সে নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, এর পিছনে বড় কোনও মাথা থাকতে পারে। সে কে? সেটাই খোঁজ করছেন তদন্তকারীরা (Howrah Railway Station)

জানা যাচ্ছে, গোরক্ষপুর এলাকা থেকে কলকাতায় ব্যাপক পরিমানে অবৈধ বিদেশী মুদ্রা পাচার হতে পারে বলে আগেই খবর আসে আরপিএফের আধিকারিকদের কাছে। সেই মতো কলকাতা অভিমুখী ট্রেনগুলিতে বিশেষ ভাবে নজরদারি চালানো হচ্ছিল। তল্লাশি চলছিল পাটনা-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেসে। সেই সময় অস্বস্তিকর গরমেও কালো জ্যাকেট পড়ে এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন তদন্তকারীরা। হাবভাব বেশ সন্দেহজনক ছিল। সঙ্গে সঙ্গে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।
কার্যত একটু চাপ দিতেই কাছে থাকা কোটি টাকার বিদেশি মুদ্রার বিষয়ে আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স শাখার আধিকারিকদের জানায় সে। ব্যাগ এবং কোমরের থলি থেকে বৈদেশিক মুদ্রার প্যাকেট উদ্ধার করা হয়। তাতে ২৮৯,০০০ মার্কিন ডলার, সৌদি রিয়াল ৫২,৫০০ এবং সিঙ্গাপুর ডলার ৬০০, যার ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মোট মূল্য ২,৬০,৯৯,৯০০ টাকা বলে দাবি রেল পুলিশের।
সূত্রের খবর, দীর্ঘ জেরায় ধৃত ধৃত হেমন্ত কুমার জানিয়েছে গোরক্ষপুরের একজন বৈদেশিক মুদ্রা অপারেটরের কাছ থেকে বৈদেশিক মুদ্রা পেয়েছিল এবং কলকাতার পার্ক স্ট্রিটে তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর বেশি সে আর কিছুই জানে না বলেও দাবি। তদন্তকারীদের অনুমান বিদেশি মুদ্রার মাধ্যমে হাওয়ালা কাণ্ড চলতে পারে। ইতিমধ্যে উদ্ধার হওয়া বিপুল বিদেশী মুদ্রা এবং ধৃত ব্যক্তিকে তদন্তের জন্য হাওড়ার কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার পরেই হাওড়া স্টেশনের (Howrah Railway Station) নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। রাখা হয়েছে কড়া নজরদারি।












Click it and Unblock the Notifications