১৯ নভেম্বর রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচন, ২২শে ভোট গণনা, ঘোষণা নির্বাচন কমিশনের
কলকাতা, ১৭ অক্টোবর : পুজো মিটতেই বেজে গেল ভোটের দামামা। রাজ্যে দু'টি লোকাসভা ও একটি বিধানসভা কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী ১৯ নভেম্বর রাজ্যে উপনির্বাচন। তিনদিন পরে ২২ নভেম্বর ভোট গণনা।
বিধানসভা পরবর্তী সময়ে রাজ্যে তিনটি কেন্দ্রে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই তিনটি কেন্দ্রেই অর্থাৎ পূর্বমেদিনীপুরের তমলুক, কোচবিহার লোকসভা কেন্দ্র ও বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে একই দিনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তিন কেন্দ্রে ভোটের কারণে পিছিয়ে যাচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে অধিবেশন।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবহণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। ফলে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ পদে তাঁকে ইস্তফা দিতে হয়েছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী জয়ী হওয়ার পর থেকেই আসনটি শূন্য। কোচবিহার লোকসভা আসনটি শূন্য হয়েছে তৃণমূল সাংসদ রেণুকা সিংহের প্রয়াণে।
বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক সজল পাঁজা প্রয়াত হয়েছেন। ফলে এই আসনটিও শূন্য। ২৬ অক্টোবর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। ৫ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।












Click it and Unblock the Notifications