অনশন আন্দোলনের ১৭ দিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমাধান সূত্র বেরোবে?
আমরণ অনশনের ১৭ দিন। জুনিয়র চিকিৎসকরা ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন। আবার আজ সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে। সেই বৈঠকে কী হয়, সেজন্য মুখিয়ে সমস্ত মহল। তবে জুনিয়র ডাক্তাররা কোনওমতেই অনশন আন্দোলনের পথ থেকে সরে আসছেন না। তাদের কর্মসূচি চলবে। এ কথাই জানানো হয়েছে।
সাড়ে ৩০০ ঘন্টা পেরিয়ে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি। কলকাতার ধর্মতলার মঞ্চে অনশন চলছে। জুনিয়র চিকিৎসকরা তাঁদের ১০ দফা দাবি থেকে সরে আসছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ তাঁরা বৈঠকে বসবেন। এই কথাও গতকাল জানিয়েছেন আন্দোলনকারী।

১০ জনকে নবান্নে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন ১০ জন নবান্নে মুখ্যমন্ত্রী ও সরকারি আধিকারিকদের মুখোমুখি আলোচনায় বসবেন? সেই প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে আলোচনা চলছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। এই কথাও জানা যাচ্ছে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এই আলোচনার আগে শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কোনও শর্তই মানা হচ্ছে না। অনশন জারি থাকা অবস্থাতেই তাঁরা নবান্নে যাচ্ছেন। রাজ্য সরকারের সঙ্গে তাদের বৈঠক হবে। এ কথাতেই তাঁরা মান্যতা দিচ্ছেন। জুনিয়র চিকিৎসকরা আশাবাদী, আজকের বৈঠকে সমাধানসূত্র বেরোবে। সরকার তাদের ১০ দফা দাবি মেনে নিক। এই কথাই কায়মনোবাক্যে চাইছেন জুনিয়র চিকিৎসকরা৷
দীর্ঘ সময় ধরে অনশন আন্দোলন চলছে। ক্রমশ শরীর ভাঙছে জুনিয়র চিকিৎসকদের। শরীরে জলের মাত্রা লক্ষ্যণীয়ভাবে কমছে। দীর্ঘদিন ধরে না খাওয়ার জন্য দুর্বলতা প্রবল। রক্তচাপ বিভিন্ন সময়ে ওঠানামা করছে। তবে গত কয়েক দিনে নতুন করে কাউকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি। জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁরা এ দিনের বৈঠক সম্পর্কে অত্যন্ত আশাবাদী। তবে সমাধানসূত্র না মিললে অনশন আন্দোলন চলবে। ধর্মঘটের পথেও তাঁরা হাঁটবেন।
সোমবার সকাল থেকে বহু সাধারণ মানুষ অনশন মঞ্চের সামনে এসে ভিড় করছেন। নবান্ন যাওয়ার সময় আরও মানুষ উপস্থিত হবেন। এ কথাই মনে করছেন আন্দোলনকারীরা।












Click it and Unblock the Notifications