১২০ টাকা কেজি! জামাইষষ্ঠীর দিন কোথায় ঠেকবে হিমসাগর আমের দাম?
আমের রাজা হিমসাগর। বাঙালির জামাইষষ্ঠী উৎসবে দেদার খাওয়া। আর সেই খাওয়ার পাতে হিমসাগর থাকবে না! তাই কি হয়? কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে যে আমও ছ্যাঁকা মারছে!
হিমসাগর আম এবার যেন ধরাছোঁয়ার বাইরে। শুরু থেকেই চড়া দাম যাচ্ছে আমের। ল্যাঙড়া, ফজলি, গোলাপখাস আমের দাম তো বেড়েই আছে। আমের রাজা হিমসাগরের দাম অনেকটাই বেশি। আর সামনেই বুধবার জামাইষষ্ঠী। সেজন্য দামও একশো টাকা কেজি ছাড়িয়ে গিয়েছে।

সামনের বুধবার বাঙালির জামাই ষষ্ঠী অনুষ্ঠান৷ মাছ, মাংস, সবজির বাজারে দাম লাফিয়ে উঠছে৷ ফলের বাজারেও যেন দামে ছ্যাঁকা লাগছে৷ তবে সব থেকে বেশি দাম যাচ্ছে হিমসাগর আমের। চলতি বছরে গড়পরতা হিমসাগর আমের দাম ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি।
তবে সেই আম আকারে ছোট। স্বাদের রসনাতে কতটা মন ভরাতে পারবে? সেই প্রশ্ন থাকছেই৷ ভালো হিমসাগর পেতে গেলে খরচ করতে হবে প্রায় ১২০ থেকে ১৩০ টাকা। একটু বর্ধিষ্ণু এলাকায় সেই দামই ১৪০ টাকা হবে কেজি প্রতি। আজ সোমবার৷ পরশু বুধবার জামাইষষ্ঠী।
ফলে হিমসাগর আমের কেজি প্রতি দাম কোথায় গিয়ে দাঁড়াবে? তাই নিয়ে দুর্ভাবনা রয়েছে। সাধারণত জামাইরা আম ও অন্যান্য ফল কিনে নিয়ে যান শ্বশুরবাড়ি। লোকজনও জামাইদের জন্য আম কেনেন। আর সেখানে প্রথম ও অন্যতম পছন্দ হিমসাগর আম। কিন্তু এবার সেই আমের দাম কোথায় গিয়ে ঠেকবে?
কলকাতার কোলে মার্কেট এলাকাতেও প্রতি কেজি ৮০ টাকার উপর বিক্রি হচ্ছে হিমসাগর। মানিকতলা, দমদম মার্কেটে সেই আমের দাম ৯০ থেকে ১০০ টাকা কেজি। শহরের অন্যান্য অঞ্চল, শহরতলি এলাকায় ১০০ টাকার উপরে কেজি চলছে হিমসাগর আমের।
গত বছর অধিকের বেশি ফলন হয়েছিল আমের। ২০ টাকা কেজি নেমে গিয়েছিল হিমসাগর আমের দাম। এবার আমের ফলন একদম তলানিতে। হঠাৎ করে বৃষ্টি নামার কারণে মুকুল নষ্ট হয়ে যায়। মালদহ, মুর্শিদাবাদ জেলায় এবার আমের ফলন একদম তলানিতে। অন্যান্য জেলার আম বাগান গুলিতেও একই ছবি দেখা গিয়েছে।
এবার আম খুব একটা বেশি বাজারে দেখতে পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও তার দাম অনেকটাই বেশি। জামাইষষ্ঠীর অনুষ্ঠান গেলে আমের দাম কিছুটা কমবে। এই আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications