Paris Olympics 2024: নাদালের বিদায় সিঙ্গলস থেকে, সহজ জয়ে তৃতীয় রাউন্ডে জকোভিচ
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলস থেকে বিদায় নিলেন ক্লে কোর্টের রাজা বলে খ্যাত রাফায়েল নাদাল। ব্লকবাস্টার দ্বৈরথে সহজ জয় ছিনিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ।
রাফায়েল নাদাল এবারের রোলাঁ গারো ভুলে যেতে চাইবেন। চলতি বছর দুটি ম্যাচ খেলে দুটিতেই হারলেন স্প্যানিয়ার্ড রাফা। ফরাসি ওপেনে প্রথম রাউন্ডের পর এবার অলিম্পিক্সের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো।

এদিনও নাদাল খেলতে নেমেছে উরুতে ব্যান্ডেজ বেঁধে। ১৪ বার ফরাসি ওপেন খেতাব জিতেছেন নাদাল। সর্বশেষ জয় ২০২২ সালে। রোলাঁ গারোয় সম্ভবত এদিনই শেষবারের জন্য দেখা গেল পুরুষদের টেনিসে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে শীর্ষে থাকা দুই কিংবদন্তির দ্বৈরথ।
কিন্তু দুই দশক ধরে ফরাসি ওপেনে যে আধিপত্য বিস্তার করে ক্লে কোর্টের রাজা হয়ে উঠেছিলেন নাদাল, সেখানে তিনি একেবারেই চেনা ছন্দে খেলতে পারলেন না এদিন। সম্ভবত চোটের কারণেই। জকোভিচের কাছে হার ১-৬, ৪-৬ সেটে।
চলতি বছর ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে আলেজজান্ডার জেরেভের কাছে পরাস্ত হয়েছিলেন নাদাল। আজ সেন্টার কোর্টে নাদালকে উড়িয়ে দিতে জকোভিচ নিলেন মাত্র ১ ঘণ্টা ৪৩ মিনিট। চলতি মরশুমের শেষেই অবসর নিতে পারেন নাদাল। সেক্ষেত্রে আর শুধু ইউএস ওপেনেই জকোভিচের মুখোমুখি হতে পারেন তিনি।
প্রথম সেট একপেশে ছিল। জকোভিচ ৫-০ ব্যবধানে এগিয়ে যান। এরপর নিজের সার্ভ ধরে রেখে ৫-১ করেন রাফা। কিন্তু তা যথেষ্ট ছিল না জকোভিচকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য। ৩৯ মিনিটেই প্রথম সেটটি জিতে নেন জকোভিচ।
দ্বিতীয় সেটে জকোভিচ নাদালের সার্ভ দু-বার ব্রেক করে ৪-০-তে এগিয়ে যান। যদিও এরপর দুটি ব্রেক পয়েন্ট আদায় করে ৪-৪ করে ফেলেন রাফা। নাদালের এই কামব্যাকে তাঁর সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। যদিও এরপর নাদালের সার্ভ ব্রেক করার পাশাপাশি কিছুক্ষণের মধ্যে সেটটিও জিতে নেন।
জকোভিচ প্রথম রাউন্ডে ম্যাথু এবডেনের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নিয়েছিলেন। নাদাল দ্বিতীয় রাউন্ডে হাঙ্গেরির মার্টন ফুসকোভিক্সের বিরুদ্ধে জয় পেলেও তা সহজে আসেনি। নাদালের সামনে অবশ্য অলিম্পিক্স পদকের আশা এখনও আছে। তিনি কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধে ডাবলস খেলছেন।












Click it and Unblock the Notifications