জেদে অনড় জকোভিচ! বিশেষ ছাড় আদায় করেই অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত
বিশ্বের ১ নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে নামা নিয়ে জল্পনায় ইতি। অবশেষে বড় সিদ্ধান্তটা নিয়েই ফেললেন সার্বিয়ান জোকার। গোটা বিশ্বে বাড়ছে করোনার দাপট। তবে ভ্যাকসিন নিতে অনীহা টেনিস তারকা জকোভিচের। আর সে কারণেই তিনি জানিয়েছিলেন, নিজের টিকাকরণ সংক্রান্ত কোনও তথ্য তিনি জনসমক্ষে আনবেন না।

আজ ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে জকোভিচ লিখেছেন, কয়েক দিনের বিরতিতে প্রিয়জনদের সঙ্গে দারুণ সময় কাটালাম। আজ ডাউন আন্ডারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্রয়োজনীয় ছাড় পাওয়ার অনুমতিও মিলেছে। ২০২২-এ কোর্টে নামার অপেক্ষায় রয়েছি। উল্লেখ্য, অস্ট্রেলিয়াতেও করোনা সংক্রমণ ছড়িয়েছে। করোনা-আবহে ভ্যাকসিনের দুটি ডোজ থাকা অংশগ্রহণকারীদের জন্য বাধ্যতামূলক করেন আয়োজকরা। একইসঙ্গে জানানো হয়েছিল, যাঁদের ভ্যাকসিন নেওয়া হয়নি তাঁদের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতেই। জকোভিচও আগে জানান, তিনি অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেননি। অস্ট্রেলিয়ার নিভৃতবাস সংক্রান্ত নিয়ম যার বড় কারণ।
মেলবোর্নে ১৭ জানুয়ারি থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়েই একটি বিশেষ কমিটি গঠন করে টেনিস অস্ট্রেলিয়া। সেই কমিটি ছাড়পত্র না দিলে ভ্যাকসিন না নেওয়া কেউই অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারবেন না। টেনিস অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ৩৪ বছরের জকোভিচ মেডিক্যাল এক্সেম্পসন বা ছাড়ের জন্য আবেদন করেছিলেন। সব কিছু খুঁটিনাটি বিশ্লেষণের পর চিকিৎসকদের দুটি স্বাধীন প্যানেল জকোভিচকে ওই ছাড় পাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে। অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের ইমিউনিজেশনের গাইডলাইন অনুযায়ীই এই সিদ্ধান্ত।

তবে টেনিস খেলোয়াড়দের জন্য ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করাকে ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করে জকোভিচের বাবা জানিয়েছিলেন বিশেষ ছাড় না দিলে জকোভিচ মেজর খেলতে নামবেন না। সিডনিতে এটিপি কাপ থেকে জকোভিচ সরে দাঁড়ানোর পর তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। জকোভিচ কয়েক দিন ধরে স্পেনের মারবেলায় প্রস্তুতি সারছিলেন। আপাতত কয়েক দিন তিনি টেনিসে ডুবে থাকতে চান বলেও জানিয়েছেন। শেষবার তিনবার-সহ রেকর্ড ৯ বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন জকোভিচ এবার খেতাব দখলে রাখতে পারলেই রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে টপকে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন। ২০০৮, ২০১১ থেকে ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯ থেকে ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন জোকার। ৬ বার উইম্বলডন, ২ বার ফরাসি ওপেন ও তিনবার ইউএস ওপেন খেতাব জিতেছেন তিনি।












Click it and Unblock the Notifications