উইম্বলডন ফাইনালে জকোভিচের সামনে বেরেত্তিনি, একাধিক নজিরের কাছে নোভাক
রজার ফেডেরার ও রাফায়েল নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করা থেকে আর একটি ম্যাচ দূরে নোভাক জকোভিচ। চলতি বছর গ্র্যান্ড স্ল্যাম জয়ের হ্য়াটট্রিক সারতে তাঁর পরবর্তী প্রতিপক্ষ ইতালির মাত্তেও বেরেত্তিনি। আজ সেমিফাইনালে তিনি হারালেন কানাডার ডেনিস শাপোভালভকে। খেলার ফল ৭-৬, ৭-৫, ৭-৫। এই নিয়ে ৩০তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন জোকার, তাঁর সামনে ষষ্ঠ উইম্বলডন খেতাব জয়ের হাতছানি।অন্যদিকে, সপ্তম বাছাই বেরেত্তিনি প্রথম ইতালীয় হিসেবে উইম্বলডন ফাইনাল খেলবেন। পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে তিনি হারিয়েছেন ফেডেরারকে হারিয়ে সেমিফাইনালে ওঠা পোল্যান্ডের হুবার্ট হুড়কাজকে।

উপভোগ্য সেমিফাইনাল
এবারের উইম্বলডনে সবচেয়ে কষ্টার্জিত জয় ছিনিয়ে ফাইনালে উঠতে হল নোভাক জকোভিচকে। এই নিয়ে সপ্তমবার উইম্বলডন সিঙ্গলস ফাইনালে উঠলেন বিশ্বের এক নম্বর তারকা এবং এই গ্র্যান্ড স্ল্য়াম প্রতিযোগিতার শীর্ষ বাছাই। প্রথম দিন প্রথম সেট হারানোর পর আজ পর্যন্ট টানা ১৮টি সেট জিতলেন জোকার। তাঁর প্রতিপক্ষ ছিলেন দশম বাছাই কানাডার ডেনিস শাপোভালভ। জকোভিচ যেখানে কেরিয়ারের ৪১তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলছিলেন, সেখানে শাপোভালভের এটিই ছিল প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল। উইম্বলডনে এর আগে সবমিলিয়ে তাঁর ৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। সেই শাপোভালভই এদিন কঠিন চ্যালে়ঞ্জের মুখে ফেলেছিলেন জকোভিচকে। যদিও ২ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াই জকোভিচ জেতেন স্ট্রেট সেটেই।

প্রশংসিত শাপোভালভ
অভিজ্ঞতার কারণেই এদিন ধারাবাহিক না থাকার খেসারত দিতে হয়েছে শাপোভালভকে। ডোবাল ৩৬টি আনফোর্সড এরর এবং ১১টি ব্রেক পয়েন্টের মাত্র একটি জিততে পারা। প্রথম সেটে ৫-৪, ৩০-৩০-এ এগিয়ে থেকে সার্ভ করা সত্ত্বেও তা জিততে পারেননি। দ্বিতীয় সেটে তিনি এগিয়ে ছিলেন ৩-১-এ, তারপরও ৫-৫ করে নিয়ে তাঁকে টেক্কা দেন জকোভিচ। তাতেও হাল না ছেড়ে তৃতীয় সেটে তিনটি ব্রেক পয়েন্ট আদায় করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ৮টি এস মারা নোভাক জকোভিচ তাঁর প্রতিপক্ষের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেন, প্রথম সেট জেতার জন্য সার্ভ করা ছাড়াও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন ডেনিস। ফলে স্কোরলাইন শেষ কথা বলে না। প্রথম সেটে আমার চেয়েও ভালো খেলেছেন শাপোভালভ। আজ এবং গত সপ্তাহ ধরে তিনি যেভাবে খেলে এসেছেন তাতে তাঁকে অভিবাদন জানাতেই হয়। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য আমরা দেখতে পাব, ডেনিস গ্রেট প্লেয়ার। তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন বরিস বেকারও বলেছেন, এবারের টুর্নামেন্টে যেভাবে শাপোভালভ জকোভিচকে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ফেললেন তাতেই স্পষ্ট তাঁর দক্ষতা।

রেকর্ড স্পর্শ করার হাতছানি
রজার ফেডেরার ও রাফায়েল নাদাল সিঙ্গলসে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতায় জকোভিচ তাঁদের চেয়ে এক কদম দূরে। ষষ্ঠ উইম্বলডন খেতাব জিতে চলতি বছর গ্র্যান্ড স্ল্যামের হ্যাটট্রিক করলেই তিনি ধরে ফেলবেন রজার-রাফার রেকর্ড। এদিন ফাইনালে ওঠার পর তিনি বলেন, উইম্বলডন আমার কাছে বিশ্বের সবচেয়ে স্পেশ্যাল টুর্নামেন্ট। এই ইভেন্ট যত এগোতে থাকে কোর্টে নেমে আমি খালি জেতার স্বপ্ন দেখি এবং তা চলতেই থাকে। নিজের সেরাটা দিচ্ছি প্রতিটি ম্যাচ, দেখা যাক কী হয়। আমার কেরিয়ারে এখন গ্র্যান্ড স্ল্যামই সব কিছু। যখনই এগোতে থাকি দেখি ঐতিহাসিক কিছু না কিছু অপেক্ষা করে আছে। এটাই আমাকে অনুপ্রাণিত করে। তবে সেই অনুপ্রেরণার সঙ্গে জেতার ভারসাম্য বজায় রেখে সব সময় পরবর্তী ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই আমি এগোতে ভালোবাসি।

ইতিহাসে বেরেত্তিনি
এদিনই প্রথম সেমিফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে শেষ চারে ওঠা পোল্যান্ডের হুবার্ট হুড়কাজকে হারিয়ে কেরিয়ারের প্রথম গ্র্য়ান্ড স্ল্যাম ফাইনালে উঠেছেন ইতালির মাত্তেও বেরেত্তিনি। ১৯৭৬ সালের প্রথম ইতালীয় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেছেন। উইম্বলডন ফাইনালে ওঠার নিরিখে ইতালির প্রথম টেনিস খেলোয়াড় বেরেত্তিনিই। ইউরো কাপ ফাইনালে যখন তাঁর দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে তার কয়েক ঘণ্টা আগে সার্বিয়ান জকোভিচকে পরাস্ত করে ইতিহাস গড়ার হাতছানি থাকবে বেরেত্তিনির সামনেও। হুড়কাজকে তিনি এদিন হারালেন ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭), ৬-৪ সেটে।

স্বপ্নের চেয়েও বেশি
হুড়কাজের বিরুদ্ধে ২২টি এস মেরে ফাইনালে ওঠা ২৫ বছরের বেরেত্তিনি উইম্বলডনে নামার আগেও একটি নজির স্পর্শ করেছেন। কুইন্স চ্যাম্পিয়ন হয়ে। প্রথমবার এই টুর্নামেন্ট খেলতে নেমেই খেতাব জিতে তিনি স্পর্শ করেছিলেন ১৯৮৫ সালে গড়া বরিস বেকারের রেকর্ড। প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে অঘটনের ভাবনা এখনই ভাবতে পারছেন না বেরেত্তিনি। খেলার শেষে তিনি বলেন, কী হল সেটা বুঝতেই আমার কিছুটা সময় লাগবে। ভাষা নেই। আমি এতটা স্বপ্নেও ভাবিনি, যা হল তা স্বপ্নের চেয়েও বেশি। তবে আরেকটা পরিসংখ্যান বেরেত্তিনি নিশ্চয়ই মাথায় রাখবেন। অভিষেকে কুইন্স চ্যাম্পিয়ন হওয়ার বছরেই উইম্বলডন খেতাবও জিতেছিলেন বরিস বেকার। সেই নজির ছুঁতে কি পারবেন বেরেত্তিনি? উত্তর রবিবাসরীয় সন্ধ্যায়।
#Wimbledon title No.6 is in reach.
— Wimbledon (@Wimbledon) July 9, 2021
Defending champion @DjokerNole is into his seventh final at The Championships with a straight sets victory over Denis Shapovalov pic.twitter.com/QpyX7Ho0eZ












Click it and Unblock the Notifications