উইম্বলডন থেকে ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন, প্রকাশিত ক্রীড়াসূচি
করোনা পরিস্থিতির কারণে গত বছর হয়নি উইম্বলডন। তবে সোমবার থেকে খুলে যাচ্ছে অল ইংল্যান্ড ক্লাবের দরজা। ২৮ জুন থেকে ১১ জুলাই অবধি চলবে উইম্বলডন। প্রকাশিত হল ক্রীড়াসূচি।

তারকাহীন উইম্বলডন
২০১৯ সালের উইম্বলডনে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন যথাক্রমে নোভাক জকোভিচ ও সিমোনা হালেপ। যদিও ফরাসি ওপেনের পর কাফ মাসলে চোটের কারণে রোমানিয়ার হালেপ উইম্বলডনেও নামতে পারবেন না। হালেপ জানিয়েছেন, দুই বছর আগের ভালো স্মৃতি নিয়ে খেতাব দখলে রাখার লক্ষ্যে উইম্বলডনে নামার জন্য সবরকম চেষ্টা চালিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শরীর সঙ্গ দিল না। বিশেষ করে দুটি মেজর খেলতে না পারা শারীরিক ও মানসিকভাবে আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলল। রাফায়েল নাদাল, নাওমি ওসাকাও উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছেন।

মহিলাদের সিঙ্গলস
হালেপ এবং ওসাকা সরে দাঁড়ানোয় মহিলাদের সিঙ্গলসে শীর্ষবাছাই অ্যাশলে বার্টির পর দ্বিতীয় বাছাই হিসেবে উঠে এলেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। অ্যাশলে বার্টি প্রথম রাউন্ডে খেলবেন ক্যান্সারজয়ীর বিরুদ্ধে। স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো সদ্য ক্যান্সারকে হারিয়ে কোর্টে ফিরেছেন। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করতে নামবেন সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ বেলারুশের আলিয়াকজান্দ্রা সাসনোভিচ। মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে বড় ম্যাচ নিশ্চিতভাবেই দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন তথা দশম বাছাই পেত্রা কিভিতোভার বিরুদ্ধে প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্লোয়েন স্টিফেন্সের লড়াই।

পুরুষদের সিঙ্গলস
সার্বিয়ান নোভাক জকোভিচ এবার উইম্বলডন শুরু করছেন শীর্ষবাছাই হিসেবেই। প্রথম রাউন্ডে তাঁর সামনে ব্রিটিশ ওয়াইল্ড কার্ডধারী ১৯ বছরের জ্যাক ড্র্যাপার, গ্র্যান্ড স্ল্যামে যাঁর অভিষেক হতে চলেছে। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন জেতার পর ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যামের দিকে আরও একধাপ এগোতে চাইবেন জোকার। দ্বিতীয় রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। সেমিফাইনালে দেখা হতে পারে ফরাসি ওপেন ফাইনালে তাঁর প্রতিপক্ষ স্তেফানোস সিটসিপাসের সঙ্গে। উইম্বলডন জিতলে জকোভিচ স্পর্শ করবেন রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সর্বাধিক ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড। দু-দুটি হিপ সার্জারির পর ২০১৭ সালের সিঙ্গলস খেলতে দেখা যাবে অ্যান্ডি মারেকে। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ২৪তম বাছাই নিকোলস বাসিলাশভি। রজার ফেডেরার নাদালকে টপকে যাওয়ার লক্ষ্যে পছন্দের গ্রাস কোর্টে অভিযান শুরু করবেন ফরাসি আদ্রিয়ান মানারিনোর বিরুদ্ধে। দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ জার্মানির জান-লেনার্ড স্ট্রাফ।

নজরে সানিয়া
ভারতের টেনিস ভক্তদের নজর থাকবে অলিম্পিকের আগে সানিয়া মির্জার দিকেও। মহিলাদের ডাবলসে বেথানি মাটেক-স্যান্ডসের সঙ্গে জুটি বেঁধে নামছেন সানিয়া। অবাছাই সানিয়াদের প্রথমেই সামলাতে হবে ষষ্ঠ বাছাই গুরাচি-ক্রজিক জুটির চ্যালেঞ্জ। উইম্বলডনকে ব্রিটিশ সরকার পাইলট ইভেন্টের মধ্যে রাখায় সেন্টার কোর্টে পুরুষ ও মহিলাদের সিঙ্গলস ফাইনালে ন্যূনতম ৫০ শতাংশ এবং সর্বাধিক ১৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications