ICC T20 WC: বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজের টি ২০ বিশ্বকাপ দলে নেই মিস্ট্রি স্পিনার, কামব্যাক রামপালের
টি ২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া কোনও দেশই দুবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১২ সালে কলম্বোয় শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়ে প্রথমবার টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ক্যারিবিয়ানরা। শেষ টি ২০ বিশ্বকাপে কলকাতায় ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। এবার খেতাব দখলে রাখার লড়াইয়ে নামার জন্য শক্তিশালী দলই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কায় প্রথম টি ২০ বিশ্বকাপ জয়ের দলে থাকা রবি রামপাল এবারের টি ২০ বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার তাঁকে সাদা বলের ক্রিকেটে দেখা গিয়েছে ২০১৫ সালে। ফলে তাঁর কামব্যাক যেমন উল্লেখযোগ্য ঘটনা, তেমনই কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার সুনীল নারিন টি ২০ বিশ্বকাপের দলে নেই। ৩৬ বছরের রামপাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে স্পিন সহায়ক সেন্ট কিটসের পিচে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ভালো ছন্দে রয়েছেন। এখনও অবধি সিপিএলে সর্বাধিক উইকেটশিকারী। সুপার ফিফটি কাপেও ভালো খেলেছেন, দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী ছিলেন। সে কারণেই তাঁকে দলে নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটিও টি ২০ আন্তর্জাতিক না খেলা অফ-স্পিন বোলিং অলরাউন্ডার রস্টন চেজ পরপর দুইবার সিপিএলে সেন্ট লুসিয়ার হয়ে ভালো খেলার পুরস্কার হিসেবে ঢুকে পড়লেন কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের টি ২০ বিশ্বকাপ দলে। চেজ এখনও অবধি সিপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী।

সুনীল নারিন সিপিএল, আইপিএল, এমনকী দ্য হান্ড্রেডে খেললেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৯ সাল থেকে খেলছেন না। তখন থেকেই তিনি বলে আসছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তিনি প্রস্তুত নন। নারিন না থাকায় হেডেন ওয়ালশ জুনিয়র একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ১৫ সদস্যের দলে রয়েছেন। চেজ ছা়ড়াও স্পিন বোলিং অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন থাকতে পারেন প্রথম একাদশে। অভিজ্ঞ শেলডন কটরেল, ড্যারেন ব্র্যাভোর সঙ্গে রিজার্ভ হিসেবে স্পিনার আকিল হোসেনকেও রাখা হয়েছে। নারিন যেমন দলেই নেই, জেসন হোল্ডার দলের সঙ্গে থাকবেন রিজার্ভ হিসেবে। সিপিএলে কুঁচকিতে চোট পাওয়ার পর থেকে না খেললেও টি ২০ বিশ্বকাপের দলে রয়েছেন ডোয়েইন ব্র্যাভো। সিপিএলে বার্বাডোজ রয়্যালসের হয়ে ভালো খেলা অশানে থমাসও রয়েছেন বিশ্বকাপের দলে। ক্রিস গেইলকে সম্প্রতি থমাস ঘণ্টায় ১৪২ কিলোমিটার বেগে বল করে বোল্ড করেছেন। নিয়মিত তিনি প্রতি ঘণ্টায় ১৪০ কিমি. বেগে বল করে থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের টি ২০ বিশ্বকাপ দলের ৯ জন আইপিএল খেলবেন। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ২৩ অক্টোবর একদিনের ক্রিকেটে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১৬ সালে শেষ টি ২০ বিশ্বকাপের ফাইনালেও এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের টি ২০ বিশ্বকাপ দল এরকম- কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরাণ (সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়েইন ব্র্যাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপাল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেডেন ওয়ালস জুনিয়র। রিজার্ভ- জেসন হোল্ডার, আকিল হোসেন, শেলডন কটরেল, ড্যারেন ব্র্যাভো।












Click it and Unblock the Notifications