জামিন হল না, সাহারা কর্ণধার সুব্রত রায় পুলিশ হেফাজতে

মিডিয়াকে এড়াতে সুব্রত রায়কে পুলিশি ঘেরাটোপে দিল্লি নিয়ে আসা হয় সড়কপথে। লখনউ থেকে নিজের মার্সিডিজে চেপে আসেন তিনি। সুপ্রিম কোর্ট চত্বর কার্যত দুর্গে পরিণত হয়েছিল সকাল থেকেই। কিন্তু পুলিশি বন্দোবস্ত এড়িয়ে এদিন এক ব্যক্তি কালি ছিটিয়ে দেন সুব্রতবাবুর মুখে। চিৎকার করতে থাকেন, "সুব্রত রায় চোর। গরিব মানুষের টাকা মেরে দিয়েছে।" পুলিশ তৎক্ষণাৎ আটক করে ওই ব্যক্তিকে। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম মনোজ শর্মা। পেশায় আইনজীবী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২২,৫০০ কোটি টাকা ফেরত দেবে সাহারা
এদিকে, মঙ্গলবার শুনানির সময় সুব্রত রায় আদালতকে বলেছেন, সাহারা গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করে তিনি সাধারণ মানুষের টাকা ফেরত দেবেন। কাউকে বঞ্চিত করা হবে না। তাঁর যুক্তি, বিনিয়োগকারীদের ২২,৫০০ কোটি টাকা ফেরত দিতে হবে। অঙ্কটা বিপুল। তাই সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শেষ করে টাকা জড়ো করতে সময় লাগবে। আদালত যেন সেই সময়টুকু দেয় সাহারা গোষ্ঠীকে।
বিচারপতিরা পাল্টা প্রশ্ন করেন, "এতদিন টাকা ফেরত দেননি কেন? দেড় বছর ধরে তো একই কথা বলে চলেছেন।" সুব্রত রায় উত্তরে বলেন, আর মাত্র একটা সুযোগ দেওয়া হোক। এবার যদি তিনি কথা রাখতে না পারেন, তা হলে ফের আদালতের মুখোমুখি হাজির করা হোক তাঁকে। তখন আদালত যে সাজা দেবে, তিনি তা মাথা পেতে নিতে রাজি। সুব্রতবাবু নিজেই নিজের সপক্ষে সওয়াল করেন আদালতে। সব শুনে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।
আইনজীবীদের বক্তব্য, সাহারা গোষ্ঠী এর আগেও বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে বলে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা পালন করেনি। তাই সম্পত্তি বিক্রি করে টাকা মেটানোর যে প্রস্তাব সুব্রত রায় দিয়েছেন, তাতে তুষ্ট হয়নি আদালত। এ ব্যাপারে একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি করে জানাতে হবে আদালতকে। কারণ, আইন অনুযায়ী নগদে টাকা ফেরত দিতে পারবে না সাহারা গোষ্ঠী। তা দিতে হবে চেক অথবা ডিমান্ড ড্রাফট মারফত। এমনকী, টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে আলাদা করে ব্যাঙ্ক গ্যারান্টির উল্লেখ করেননি সুব্রতবাবু। তাই আদালত তাঁর 'সদিচ্ছা' নিয়ে ঘোর সন্দিগ্ধ।
এদিকে, শুনানি চলাকালীন গত ২৬ ফেব্রুয়ারি আদালতে গরহাজিরার কারণে তিনি ক্ষমা চেয়ে নেন। মায়ের অসুস্থতার বিষয়টি উল্লেখ করে তাঁর অনুপস্থিতির সমর্থনে যুক্তি সাজান এবং স্পষ্টতই বলেন, "আমি দুঃখিত।" বিচারপতিরা এই ক্ষমাপ্রার্থনা মঞ্জুর করে বলেন, "আমরা আপনাকে সম্মান দিয়েছি। কিন্তু আপনি আমাদের তা দেননি। আপনি ব্যাপারটা হালকাভাবে না নিলে আজকে এই পরিস্থিতি আসত না।"












Click it and Unblock the Notifications