'কিছুই জানানো হয়নি, বিজেপি যোগাযোগ করেছিল...' টিকিট না পেয়ে অভিমানী তৃণমূলের সায়ন্তিকা আর কী বললেন?
Sayantika Banerjee: 'বহিরাগত' নয়, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) 'ভূমিপুত্রে'ই আস্থা রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন দলের জেলা সভাপতি তথা তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্ত্তী। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা আসনেও সুজাতা খাঁ'কে প্রার্থী করা হয়েছে।
দিনের পর দিন লালমাটিতে মাটি কামড়ে পড়ে থেকেও টিকিট পেলেন না অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এরপরেই সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন বলে জল্পনা।

যদিও তা নিজেই খারিজ করে দিয়েছেন অভিনেত্রী (Sayantika Banerjee)। এমনকি সোশ্যাল মিডিয়ায় যে ইস্তফাপত্র ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো বলেও জানিয়েছেন। তবে দল টিকিট না দেওয়ায় অভিমানী বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সায়ন্তিকা। রবিবার ব্রিগেডে থাকলেও প্রার্থী তালিকায় নাম নেই জেনেই দ্রুত 'ময়দান' ছাড়েন তিনি। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ইস্তফাপত্র'। '
সমস্ত বিষয় নিয়ে আজ সোমবার এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী (Sayantika Banerjee)। জানান, অবশ্যই অভিমানী। তিন বছর ধরে মাটি কামড়ে পড়েছিলাম। একটা গোল টার্গেট করে কাজ করছিলাম। এমনকি পঞ্চায়েতেও ভাল ফল হয়েছিল। কী কারণে টিকিট পেলাম না সে বিষয়ে কিছু জানেন না বলে জানান সায়ন্তীকা। তবে এই বিষয়ে দল আগে জানলে ভাল হত। দিনের পর দিন শুটিংয়ের কাজ বাদ দিয়েও বাঁকুড়ায় কাজ করে গেছি। তবে ক্ষোভের কথা দলকেই জানাবেন বলেও এদিন জানিয়েছেন তৃণমূল নেত্রী।
অন্যদিকে বিজেপির কাছ থেকেও কোনও অফার এসেছে কিনা এই প্রসঙ্গেও এদিন খোলামেলা উত্তর দিয়েছেন সায়ন্তীকা (Sayantika Banerjee)। তাঁর কথায়, বিজেপি অফার দিয়েছিল। কিন্তু কিছুই জানায়নি। আগামীদিনেও জানাব না। বিজেপির সঙ্গে যাওয়ার কোনও প্রশ্ন নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে প্রার্থী তালিকায় নাম না থাকার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ইস্তফাপত্র। সেই প্রসঙ্গে সায়ন্তিকার দাবি, এখনও পর্যন্ত কোনও পদ পদত্যাগ করিনি। যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে, তাতে সই বা সিল নেই। কার্যত ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, গত ২০২১র -র বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করে বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে 'হেরে' যান চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও বাঁকুড়ার মাটি ছেড়ে যাননি তিনি। 'বহিরাগত' তকমা ঝেড়ে ফেলে বাঁকুড়ার 'ঘরের মেয়ে' হয়ে উঠতে এখানকার মাটি আঁকড়ে পড়ে ছিলেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications