জামুড়িয়ার গ্রামে বিদ্যুৎ নেই, ভোটকেন্দ্রে তালা ঝোলালো বাসিন্দারা
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। দিনের আলো ফুরোলেই অন্ধকার নেমে আসে জানবাজার গ্রামে। শীত, গ্রীষ্ম, বর্ষা অন্ধকারেই দিন কাটাতে হয়। এবার রাজনীতি ভুলে গ্রামের বাসিন্দারা একজোট হলেন। ভোট কেন্দ্রেই তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হল।
রবিবার আসানসোলের জামুরিয়া এলাকার জানবাজার গ্রামে প্রবল বিক্ষোভ দেখা গেল। এলাকার বাসিন্দারা স্থানীয় স্কুলের দরজায় তালা ঝোলালেন। ওই স্কুলে প্রতিবার ভোট গ্রহণ হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক দশক ধরে জানবাজারের ওই গ্রামে বিদ্যুৎ নেই।

আগামী কাল সোমবার ওই গ্রামে ভোট। ইভিএম মেশিন, ভিভিপ্যাড ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ভোটকর্মীরা হাজির হয়েছেন। কিন্তু গ্রামবাসীরা তাদের ঢুকতে দেননি। ভোটকেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক নেতারা কেবল প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কোনও ফয়সালা হয়নি। গ্রামে বিদ্যুৎ আসেনি।
ওই এলাকায় ইসিএলের থেকে বিদ্যুৎ দেওয়া হয়। আশেপাশের জায়গায় বিদ্যুৎ আছে। কিন্তু ওই জানবাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছয়নি। দীর্ঘ সময় ধরে গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়ে এসেছেন। তাই এবার একজোট হয়েছেন। ভোটকেন্দ্রেই এবার তালা ঝোলানো হয়েছে।
বাসিন্দাদের দাবি, ভোটকেন্দ্র খুলে দেওয়া যেতে পারে। তবে প্রতিবাদের মতো এবার জেনারেটর ব্যবহার করা যাবে না। ভোটকর্মীদের অন্ধকারে থাকতে হবে। এছাড়াও ভোটের দিন সকালবেলা থেকেও কোনও জেনারেটর ব্যবহার হবে না। বিদ্যুৎ বিহীন গ্রামে সেভাবেই ভোট হবে।
ভোট কর্মীরা বিপাকে পড়ে যান। উপর মহলের সঙ্গে কথাবার্তা চলে। জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার মানুষদের সঙ্গে পুলিশের কথোপকথন হয়। কিন্তু এই খবর লেখা পর্যন্ত কোনও মীমাংসা হয়নি বলে খবর। এলাকার বিডিও এই বিষয়ে কোনও বক্তব্য দেননি।












Click it and Unblock the Notifications