থানায় যাওয়ার পরামর্শ, নীচুতলার দুর্নীতি রুখতে মানুষকে দাওয়াই বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের নীচুতলায় দুর্নীতি রয়েছে। টাকা ছাড়া কাজ হয় না। টাকা না পেলে সরকারি প্রকল্পের সুবিধা পান না মানুষ। এমন বিস্তর অভিযোগ আছে রাজ্যে। সেই রুখতে এবার দাওয়াই বাতলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী।
রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে। এবার সাধারণ মানুষকেই দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টাকা চাইলে থানায় গিয়ে ডায়েরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী। বাকিটা দল, সরকার দেখে নেবে। সেই কথাও বলেছেন তিনি।

পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সরকারি পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মানুষের সামনে বক্তব্যও রাখেন। আর সেখানেই টাকা নেওয়ার প্রসঙ্গ উঠে আসে।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ। কয়লা পাচার, বালি, গরু পাচারের অভিযোগ আছে। চাকরি চুরি, রেশনের চাল গম চুরিরও অভিযোগ আছে। বিরোধীরা রোজ আক্রমণ করছে। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও ইডি তদন্ত করছে।
তৃণমূলের স্থানীয় নেতাদের একটা অংশ কাটমানি খায়। সাধারণ মানুষকে কাজের জন্য টাকা দিতে হয়। এমন অভিযোগ ভুঁড়িভুঁড়ি রয়েছে৷ এবার এইসব বিষয়ে ঘুরিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকেই রুখে দাঁড়াতে বললেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বলেন, কেউ যদি পয়সা চায়, ধরে দুটো থাপ্পড দিন। থানায় একটা ডায়েরি করুন। এই কথা বলে দলের একটা শ্রেণিকেই তিনি কড়া বার্তা দিলেন। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
স্থানীয় নেতা - কর্মীরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য মানুষের থেকে টাকা নেন৷ ঘুষ না পেলে সরকারি প্রকল্পের আওতায় আসা যায় না। এমন অভিযোগও আছে। প্রশাসনের কাছে এমন অভিযোগও যায়। কিন্তু সেখানেও কোনও প্রতিকার হয় না বলে অভিযোগ।
দুয়ারে সরকার চলছে রাজ্যে। এছাড়াও পাড়ায় সমাধান কর্মসূচিও রয়েছে সরকারের। সেই বিষয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। "১২ ফেব্রুয়ারি পর্যন্ত বুথে বুথে সরকারি আধিকারিকরা যাবেন। এখনও কেউ বঞ্চিত হয়ে থাকলে নাম লেখান। আমরা পুরোটা দেখে নেব।" এমনই বার্তা মুখ্যমন্ত্রীর। কেউ ভুল করতে পারে। সেটা ঠিক করতে দুয়ারে সরকারে যাওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভোটের আগে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল স্তরে দুর্নীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করছেন না। সেই বার্তাও দেওয়া হল এদিন। পাশাপাশি মানুষকেও প্রতিবাদ, প্রতিরোধ করার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মনে করছেন রাজনৈতিক মহল৷












Click it and Unblock the Notifications