দিলীপ ঘোষকে অসভ্য বললেন, ধামসা, মাদলের তালে নাচলেন কীর্তি আজাদ
দিলীপ ঘোষ বনাম কীর্তি আজাদ, বাকযুদ্ধ সমানে চলছে। দিলীপ ঘোষ তৃণমূল প্রার্থী সম্পর্কে খোঁচা দিয়ে কথা বলেন। আর কীর্তি আজাদও একইভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছেন। দিলীপ ঘোষ অসভ্য, অভদ্র মানুষ। এমনই আক্রমণ করলেন কীর্তি আজাদ।
এর আগেও তৃণমূল প্রার্থী আক্রমণ করেছেন দিলীপ ঘোষকে৷ মঙ্গলবারও সেই ধারা বজায় রাখলেন তিনি৷ সাংবাদিকদের মুখে এদিন দিলীপ ঘোষের নাম শুনেছিলেন। আর তারপরেই বেশ উত্তজিত হয়ে পড়েন তৃণমূল প্রার্থী।

এ দিন কীর্তি আজাদ বলেন, "যে মানুষটি নারী শক্তিকে অপমান করেন। যিনি মা দুর্গাকে অপমান করেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেন, তিনি একজন অসভ্য, অভদ্র।এর এই সমাজে থাকার কোনও অধিকার নেই।" এই টুকুতেই থামেননি তৃণমূল প্রার্থী।
তিনি আরও সুর চড়ান। প্রাক্তন ক্রিকেটার বলেন, "দিলীপ ঘোষ অত্যন্ত অহংকারী মানুষ। তিনি নিজেকে কী মনে করেন? আমি কিছুই না। বাংলার এই মানুষ, আমাদের এই কর্মীরাই আমার সব। আমি তিন বারের এমপি, একবার এমএলএ।"
তিনি আরও বলেন, " আমার বাবা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু আমাকে আমার পরিবার সংস্কার শিখিয়েছে। আর দিলীপ ঘোষ নারী শক্তিকে অপমান করতে শিখেছে। তাই এবারে দেখে নেবেন, যেখানকার যারা নারী শক্তি, তারাই মহিষাসুররূপী দিলীপ ঘোষকে নির্বাচনে পরাজিত করে তাঁর আসল জায়গা বুঝিয়ে দেবে।"
প্রবল গরম পড়েছে বাংলার দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বর্ধমান- দুর্গাপুরের মাটিও তেতেপুড়ে আছে। ফলে সকালেই প্রচারে বেরিয়ে পড়ছিলেন কীর্তি আজাদ। তিনি আজ মঙ্গলবার পারুলিয়া আদিবাসী পাড়ায় গিয়েছিলেন।
সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জনসংযোগ করেন তিনি। আদিবাসী সম্প্রদায়ের মহিলা - পুরুষরা নাচেন। ধামসা মাদলের তালে কীর্তি আজাদও নাচলেন এদিন। আদিবাসী সুরের মূর্ছনায় কোমর দোলালেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার।












Click it and Unblock the Notifications